নেত্রকোনার কেন্দুয়া উপজেলার একমাত্র স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সার সরঞ্জাম অকেজো হয়ে পড়ে আছে! গত পাঁচ বছর ধরে বিকল ইসিজি মেশিন এবং কার্যক্রমহীন অপারেশন থিয়েটার কক্ষ। সিজারিয়ানের সব যন্ত্রপাতি থাকলেও তার প্রয়োগ নেই। সিজারের রোগী এলেই পাঠিয়ে দেওয়া হয় ময়মনসিংহ মেডিক্যালে। বিদ্যুতের পাশাপাশি সোলার প্যানেলের ব্যবস্থা থাকলেও লোডশেডিং হলে অন্ধকারাচ্ছন্ন থাকে রোগীদের ওয়ার্ড। উপজেলার একমাত্র এই হাসপাতালে রোগীদের জন্য নেই সুপেয় পানির ব্যবস্থা। বাইরে একটি টিউবওয়েল থাকলেও সেটির পানি বিশুদ্ধ নয়। বহির্বিভাগে চিকিত্সাসেবা নিতে আসা রোগীদের অভিযোগ—ওষুধের মজুদ থাকলেও তা পর্যাপ্ত নয়। বিভিন্ন সমস্যায় জর্জরিত স্বাস্থ্য কমপ্লেক্সটি। সাধারণ মানুষের স্বার্থে জরুরিভিত্তিতে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সমস্যাগুলো সমাধানের জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
দেলোয়ার হোসেন রনি, কেন্দুয়া, নেত্রকোনা