নগর সংস্কৃতি
ইত্তেফাক রিপোর্ট
করোনা মহামারির ভীতিকর দিন পেরিয়ে সচল হতে শুরু করেছে শিল্প অঙ্গন। সেই ধারাবাহিকতায় রাজধানীর উত্তরার গ্যালারি কায়ায় শুরু হয়েছে চিত্র প্রদর্শনী। গত শুক্রবার থেকে আপন গতিতে ফিরেছে গ্যালারি কায়া। চিত্রশিল্পী সোহাগ পারভেজের আঁকা ছবি নিয়ে উত্তরার গ্যালারি কায়ায় শুরু হয়েছে ‘মাই কান্ট্রি’ শীর্ষক প্রদর্শনী। এটা সোহাগের অষ্টম একক প্রদর্শনী।
শিল্পীর অধিকাংশ ক্যানভাসে উঠে এসেছে বাংলার বৈচিত্র্যময় প্রকৃতি। সেখানে পাহাড় চিড়ে বয়ে যায় খরসে াতা নদীর জলধারা। শরতের নীল আকাশে উড়ে বেড়ায় মেঘমালা। রাতের আঁধারে মাছের সন্ধানে নৌকায় চেপে শিকার খুঁজে বেড়ায় জেলের দল। কোনো ছবিতে আবার শিশু সন্তানকে সঙ্গী করেই ফসলের মাঠে ব্যস্ত সময় কাটায় সাঁওতাল রমণী। নদীর ঘাটে ভিড়ে থাকা সারি বাঁধা খেয়া নৌকার চিত্রকর্মটি যেন হয়ে ওঠে নদীমাতৃক বাংলাদেশের প্রতিচ্ছবি। কোনো ছবিতে আবার মিলেমিশে একাকার পাহাড়, হ্রদ আর নদী। সাদাকালো ক্যানভাসে উপস্থাপিত হয়েছে মহেশখালীর জাহাজ ভাঙা শ্রমিকের দিনলিপি। এসবের সঙ্গে শিল্পীর ক্যানভাসে উঠে এসেছে পুরোনো ঢাকার ঐতিহাসিক স্থাপনা থেকে কোলাহলময় জীবনচিত্র।
গত শুক্রবার প্রদর্শনীর উদ্বোধন করেন এইচএসবিসি বাংলাদেশের সিইও মো. মাহবুব উর রহমান। এ সময় উপস্থিত ছিলেন কার্টুনিস্ট ও দৈনিক দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের নির্বাহী সম্পাদক শাহরিয়ার খান ও গ্যালারি কায়ার পরিচালক শিল্পী গৌতম চক্রবর্তী।
এ প্রদর্শনীতে শিল্পী সোহাগ পারভেজের আঁকা ৪২টি চিত্রকর্ম স্থান পেয়েছে। ‘বিউটি অব বান্দরবান’, ‘সাঁওতাল ফ্যামিলি’, ‘মাই কান্ট্রি’, ‘ওল্ড ঢাকা’, ‘ফিশিং’, ‘কালবৈশাখী’, ‘মহেশখালী’, ‘বান্দরবান ইন অটাম’, ‘ওয়ে টু হোম’, ‘সেইলিং’ সহ নানা শিরোনামের সব ছবি। তিনি ছবি এঁকেছেন ওয়াটার কালার, অ্যাক্রিলিক, চারকোলসহ বিভিন্ন মাধ্যমে। আয়োজকরা জানান, স্বাস্থ্যবিধি মেনেই এই প্রদর্শনী চলবে। প্রদর্শনীটি পৃষ্ঠপোষকতা করছে এডিএন গ্রুপ। ২৪ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল সাড়ে ১১টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত এ প্রদর্শনী খোলা থাকবে।