‘মানিকগঞ্জে পদ্মার পাড়েই হচ্ছে ক্রিকেট স্টেডিয়াম’

মানিকগঞ্জ প্রতিনিধি

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল বলেছেন, প্রধানমন্ত্রীর অগ্রাধিকার     প্রকল্পের তালিকায় আছে মানিকগঞ্জের পদ্মার পাড়ে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম নির্মাণ। চলতি অর্থ বছরেই এই স্টেডিয়ামের নির্মাণকাজ শুরুর সম্ভবনার কথা জানান তিনি। সেই সঙ্গে এক সপ্তাহের মধ্যে সমীক্ষা কাজের কার্যাদেশ দেওয়া হবে। শনিবার সন্ধ্যায় মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে পদ্মার পাড়ে আন্তজার্তিক ক্রিকেট স্টেডিয়ামের স্থান পরিদর্শন করার সময় তিনি এ কথা বলেন।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, আন্তর্জাতিক মানের স্টেডিয়াম করতে যে ধরনের সমীক্ষা চালাতে হয় সেটি করা হবে। এজন্য হয়তো তিন থেকে ছয় মাস সময় লাগতে পারে। দেশের ক্রীড়াঙ্গনের অবকাঠামো উন্নয়নের জন্য ব্যাপক পরিকল্পনা নেওয়া হয়েছে। এই প্রকল্পটি বাস্তবায়নের জন্য আমাদের যা যা করা দরকার সেটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে করা হবে বলে তিনি জানান। তিনি আরো বলেন, এখানে শুধু স্টেডিয়াম নির্মাণ করা হবে না, পাশাপাশি আন্তর্জাতিক মানের সব সুযোগ-সুবিধা সম্পন্ন অবকাঠামোও নির্মাণ করা হবে।