গাজীপুর প্রতিনিধি
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষের চতুর্থ বর্ষের ফাইনাল পরীক্ষার ফলাফলে অসন্তুষ্ট হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। রবিবার সকালে বিশ্ববিদ্যালয়ের সামনে শিক্ষার্থীরা বিক্ষোভ করে। শিক্ষার্থীরা জানায়, ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) চতুর্থ বর্ষ পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ফলাফল গত ২০ জুলাই প্রকাশিত হয়। উক্ত ফলাফলে ৭২ শতাংশ কৃতকার্য হয় এবং বাকি ২৮ শতাংশ শিক্ষার্থীকে অকৃতকার্য দেখানো হয়। উক্ত ২৮ শতাংশ অকৃতকার্য ফলাফল নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে তারা। উক্ত ফলাফলে ২৪ হাজারের বেশি শিক্ষার্থীকে এক বিষয়ে অকৃতকার্য দেখানো হয়েছে।
শিক্ষার্থীরা বলেন, সশরীরে পরীক্ষা দিয়েও অনেক শিক্ষার্থীকে অনুপস্থিত দেখানো হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বদরুজ্জামান জানান, এরই মধ্যে ২২ হাজার শিক্ষার্থীর ২৬ হাজার খাতা পুনর্মূল্যায়নের আবেদন করা হয়েছে। ঐ খাতা পুনর্মূল্যায়নের পর ছাত্রছাত্রীদের দাবির বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।