সচিবালয় পরিষ্কার করার দায়িত্ব পেল ডিএসসিসি

ডেঙ্গু বিষয়ে আশার কথা

শোনালেন স্থানীয় সরকারমন্ত্রী

বিশেষ প্রতিনিধি

গণপূর্তের সঙ্গে সচিবালয় পরিষ্কারপরিচ্ছন্ন রাখার দায়িত্ব পেল দক্ষিণ সিটি করপোরেশনও। সচিবালয়ের কোনো দপ্তর চাইলে পরিষ্কারপরিছন্ন করার ব্যাপারে সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীর সহযোগিতা নেওয়ার সুযোগ পাবে। গতকাল রবিবার ডেঙ্গুর প্রকোপ রোধে সচিবালয়ে পরিষ্কারপরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন শেষে স্থানীয় সরকারমন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম এটি জানান। তিনি বলেন, ডেঙ্গুর প্রকোপ বাড়লেও চলতি মাসেই ডেঙ্গু নিয়ন্ত্রণে আসবে বলে তিনি আশাবাদী। এ সময় স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দিন আহমদ, গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব খন্দকার শহীদুল্লাহ উপস্থিত ছিলেন। স্থানীয় সরকারমন্ত্রী সচিবালয়ের বিভিন্ন স্থান ঘুরে দেখেন এবং সেখানে ড্রেন পরিষ্কার রাখা, ভবনের ছাদসহ যত্রতত্র পরিত্যক্ত জিনিসপত্র না রাখা, এসির পানি নিয়মিত পরিষ্কার করাসহ পুরো সচিবালয় এলাকা পরিচ্ছন্ন রাখার নির্দেশ দেন। বিভিন্ন ভবনে ঝুলে থাকা তার সরিয়ে ফেলারও নির্দেশনা দেন তিনি।

এডিস মশার কীটনাশক আমদানিতে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানকে অনুমোদন দেওয়ার কথা জানিয়ে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, আমদানি শুল্ক কমাতে এনবিআরকে পদক্ষেপ নেওয়ার অনুরোধ করা হবে। ডেঙ্গুর প্রকোপ কমাতে রাজধানীর সর্বত্র পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান রয়েছে বলে জানান স্থানীয় সরকারমন্ত্রী।