৪৮ ঘণ্টা কর্মবিরতি পালনে অনড় পণ্য পরিবহন মালিক ও শ্রমিকরা

চাঁদাবাজি বন্ধসহ ১০ দাবি

বিশেষ প্রতিনিধি

পুলিশের হয়রানি-চাঁদাবাজি বন্ধ, ট্রাকচালক লিটন হত্যার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় আনাসহ ১০ দফা দাবি আদায় না হলে ২৭ সেপ্টেম্বর থেকে ৪৮ ঘণ্টার পণ্য পরিবহন কর্মবিরতি পালনে অনড় ‘বাংলাদেশ  ট্রাক-কাভার্ড ভ্যান, লরি, প্রাইম মুভার মালিক-শ্রমিক সমন্বয় পরিষদ’। গতকাল রাজধানীর তেজগাঁও ট্রাক টার্মিনালে জরুরি সভায় তাদের অনড় অবস্থা ব্যক্ত করেছেন।

বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান, ট্যাংকলরি, প্রাইম মুভার মালিক-শ্রমিক সমন্বয় পরিষদের আহ্বায়ক মো. রুস্তম আলী খান বলেন, আগামী ২৭ ও ২৮ সেপ্টেম্বর পরিষদের ডাকা আহূত ৪৮ ঘণ্টার কর্মবিরতিতে সব মালিক ও শ্রমিক সংগঠন একাত্মতা ঘোষণা করেছে। বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান মালিক সমিতির সিনিয়র সহসভাপতি আমির হোসেন নান্নুর সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরি সভায় আরো বক্তব্য রাখেন সমিতির সহসভাপতি শহিদুল্যাহ পাটওয়ারী, যুগ্ম-সম্পাদক নুরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক হাসানুল কবির হাসান, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম খান ভুট্রু, সহ-সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর খান, আবুল কালাম আজাদ, প্রচার সম্পাদক হাজী মো. শাহজাহান প্রমুখ।