আশুগঞ্জে ট্রেনের ধাক্কায় অটোরিকশারোহী পিতা পুত্রসহ নিহত ৩

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রেনের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে পিতা-পুত্রসহ তিন জন নিহত হয়েছে। এছাড়া সড়ক দুর্ঘটনায় মাগুরার শালিখায় চার জন, টাঙ্গাইলের সখীপুরে দুই বিপণন প্রতিনিধি ও রাজবাড়ীর বালিয়াকান্দিতে এক শ্রমিক নিহত এবং তালার পাটকেলঘাটায় ২০ জন আহত হয়েছে।

আশুগঞ্জ (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা জানান, আশুগঞ্জে চলন্ত ট্রেনের সঙ্গে যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে পিতা-পুত্রসহ একই পরিবারের তিন জন নিহত, আহত হয়েছে চালকসহ আরো দুই জন। রবিবার সকালে উপজেলার তালশহর রেলওয়ে লেভেল ক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের রাজঘর গ্রামের মো. সাদেক মিয়া (৬৮), তার পুত্র রুবেল মিয়া (৩৩) ও পাভেল মিয়া (২৩)। এদিকে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে রেলওয়ের সহকারী পরিবহন কর্মকর্তা  আমিনুল হককে প্রধান করে চার সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

পুলিশ ও নিহতের পারিবারিক সূত্র জানায়, পিতা সাদেক মিয়াকে চোখের চিকিত্সা করাতে তার দুই পুত্র রুবেল মিয়া ও পাভেল মিয়া রবিবার ভোরে রাজঘর থেকে একটি সিএনজিচালিত অটোরিকশায় নিয়ে আশুগঞ্জ রেলওয়ে স্টেশনের দিকে যাচ্ছিলেন। তাদের বহনকারী অটোরিকশাটি উপজেলার তালশহর রেলক্রসিং অতিক্রম করার সময় চট্টগ্রাম থেকে            ঢাকাগামী একটি মেইল ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুই ভাই রুবেল ও পাভেল মারা যায়। আশঙ্কাজনক অবস্থায় তাদের পিতা সাদেক মিয়াকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করালে ছাদেক মিয়াও মারা যান। একই পরিবারের তিন জনের মৃত্যুর ঘটনায় নিহতদের বাড়িতে চলছে শোকের মাতম। এদিকে নিহতের স্বজনরা দুর্ঘটনার জন্য রেল ক্রসিংয়ের গেইট কিপারের গাফিলতিকে দায়ী করেছেন। নিহত সাদেক মিয়ার স্ত্রী মোমেনা বেগম ও কন্যা ইয়াসমিন বেগম এ ঘটনার জন্য দায়ীদের গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মাগুরা প্রতিনিধি জানান, রবিবার বিকালে মাগুরা-যশোর সড়কের শালিখা উপজেলার রামকান্তপুর এলাকায় যশোর থেকে মাগুরাগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উলটে গেলে চার জন ঘটনাস্থলে নিহত এবং ১৫ জন আহত হয়। নিহতরা হলো—শালিখার দীঘল গ্রামের ছহিরুননেছা (৫৫), শতখালী গ্রামের নাজমা বেগম (৩৫) ও বাসের হেলপার মামুন (৩০)। নিহত অপর এক জনের পরিচয় জানা যায়নি। আহতদের মাগুরা ও যশোরের বিভিন্ন হাসাপাতালে ভর্তি করা হয়েছে।

সখীপুর (টাঙ্গাইল) সংবাদদাতা জানান, সখীপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ওষুধ কোম্পানির দুই বিপণন প্রতিনিধি নিহত হয়েছে। নিহতরা হচ্ছেন—আরাফাত হোসেন ও দেলোয়ার হোসেন। শনিবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-সখীপুর-গোড়াই সড়কের প্রতিমা বংকী দক্ষিণ চৌরাস্তা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আরাফাত হোসেন দি একমি এবং দেলোয়ার হোসেন ফিশটাক ভেটেরিনারি কোম্পানির প্রতিনিধি ছিলেন। আরাফাতের বাড়ি নাটোর ও দেলোয়ার হোসেনের বাড়ি দিনাজপুর জেলায় বলে জানা গেছে।

তালা (সাতক্ষীরা) সংবাদদাতা জানান, খুলনা-সাতক্ষীরা মহাসড়কের তালা উপজেলার পাটকেলঘাটা হারুন-অর-রশিদ ডিগ্রি কলেজের সন্নিকটে রবিবার দুপুরে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ২০-২৫ জন আহত হয়েছে। আহতদের খুলনা, সাতক্ষীরা ও পাটকেলঘাটার বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

বালিয়াকান্দি (রাজবাড়ী) সংবাদদাতা জানান, বালিয়াকান্দিতে সড়ক দুর্ঘটনায় স্বপ্না খাতুন (২৫) নামে এক পাটকল শ্রমিক নিহত হয়েছে। নিহত স্বপ্না খাতুন পূর্ব মৌকুড়ী গ্রামের রহমান মিয়ার স্ত্রী। জানা যায়, গতকাল রবিবার বিকালে রাজবাড়ীর কাজীবাধা গোল্ডেশিয়া জুট মিলে কাজ শেষে বাড়ি ফেরার পথে পূর্বমৌকুড়ী এলাকায় একটি অটোবাইককে সাইড দিতে গিয়ে রাস্তার পাশে থাকা পাট শুকানো বাঁশ স্বপ্নার মাথায় এসে বিদ্ধ হয়। দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।