বিশ্ববিদ্যালয়ে পড়তে পারবেন আফগান নারীরা :তালেবান

সরকারকে হটিয়ে তালেবান ক্ষমতা নেওয়ার পর আফগান নারীদের একাডেমিক শিক্ষার পথ সংকুচিত হয়ে পড়েছিল। তবে তালেবানের পক্ষ থেকে এবার ঘোষণা এলো দেশটির নারীরা উচ্চশিক্ষা নিতে পারবেন, যেতে পারবেন বিশ্ববিদ্যালয়ে। তবে তাদের বসার ব্যবস্থা হতে হবে একটু ভিন্ন। কঠোরভাবে হাত-পা ও পুরো শরীর ঢাকা পোশাক পরতে হবে। হিজাব পরতে হবে এবং ছেলে এবং মেয়েদের বসার আসনের মাঝখানে পর্দার আড়াল থাকতে হবে।

তালেবানের নতুন সরকারের শিক্ষামন্ত্রী আব্দুল বাকি হাক্কানি শিক্ষাব্যবস্থা নিয়ে কথা বলতে গিয়ে গতকাল রবিবার এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। তিনি জানান, তার দেশের নারীরা স্নাতকোত্তর পর্যায়েও পড়তে পারবেন। উল্লেখ্য, গত ১৫ আগস্ট তালেবান কাবুল দখলে নেওয়ার পর সবচেয়ে বেশি শঙ্কা আর অনিশ্চয়তার মধ্যে পড়েন দেশটির নারীরা। তালেবানের নতুন সরকার ঘোষণা দেওয়ার পর নিজেদের অধিকার আদায়ের লক্ষ্যে আন্দোলনেও নামেন তারা। নারী শিক্ষা নিয়ে আন্তর্জাতিক মহল থেকে আশঙ্কা প্রকাশ করা হয়েছিল। তালেবানের কোনো কোনো নেতাও প্রথমদিকে বলেছিলেন, নারীদের পড়ালেখা দরকার নেই। বিষয়টি নিয়ে সমালোচনা তৈরি হওয়ায় এখন তারা নারী শিক্ষায় শিথিলতা দেওয়ার কথা বলল।