কক্সবাজারের টেকনাফ ও উখিয়ায় পৃথক ‘বন্দুকযুদ্ধে’ দুই ইয়াবা ব্যবসায়ী নিহত হয়েছেন বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার ভোররাতে টেকনাফের নাফনদীর তীর ও উখিয়ার ঘুমধুম রেজু আমতলী সীমান্তে এসব বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন টেকনাফ-২ বিজিবি কমান্ডার লে. কর্নেল ফয়সাল হাসান খান ও কক্সবাজার-৩৪ বিজিবি অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ। এ সময় টেকনাফে ৩ লাখ ৪০ হাজার আর উখিয়ায় ৫০ হাজার ইয়াবা এবং দুই স্থানে দুইটি এলজি উদ্ধার হয়েছে বলেও জানিয়েছেন বিজিবির কর্মকর্তাদ্বয়।
উখিয়ায় বন্দুকযুদ্ধে নিহত মোহাম্মদ শাহজাহান (২৭) উখিয়া উপজেলা সদরের ডেইলপাড়া এলাকার সৈয়দ নুরের ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় অস্ত্র, ডাকাতি ও ইয়াবা পাচারের অন্তত ১০টি মামলা রয়েছে বলে দাবি করেছে বিজিবি; কিন্তু টেকনাফে মারা যাওয়া ব্যক্তির পরিচয় নিশ্চিত করতে পারেননি টেকনাফ বিজিবি কর্তৃপক্ষ। নিহত ব্যক্তি নাফনদী সাঁতরে আসায় তিনি রোহিঙ্গা বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।