খাগড়াছড়ির বিশিষ্ট রাজনীতিক বাসদ নেতা কমরেড জাহেদ আহমেদ টুটুেলর (৬০) রহস্যজনক মৃত্যু হয়েছে। জেলার মাটিরাঙ্গা উপজেলার সাফমারা নামক এলাকায় একটি সেতুর নিচ থেকে (রবিবার) দুপুরে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলী লাশ উদ্ধারের কথা নিশ্চিত করেছেন।
রাজনৈতিক সহকর্মীরা জানান, কমরেড জাহেদ আহমেদ টুটুল বাসদের (শুভ্র অংশ) কেন্দ্রীয় পর্যায়ের নেতা। পেশায় তিনি কৃষিজীবী হলেও পুরোদমে বাসদের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। টুনি আহমেদ তার একমাত্র মেয়ে থাকলেও দীর্ঘদিন আগেই স্ত্রীর সঙ্গে সর্ম্পকহীন ছিলেন।
জানা গেছে, গত শনিবার দিনের বেলায় তিনি তার আরেক রাজনৈতিক সহকর্মী ডা. সুশান্ত বড়ুয়াকে সঙ্গে নিয়ে বান্দরবান থেকে খাগড়াছড়ি শহরে এসেছিলেন। সন্ধ্যার দিকে নিজ মোটরসাইকেলে একা মাটিরাঙ্গার উদ্দেশে রওনা হয়েছিলেন তিনি। অনেক রাতেও বাসায় না ফেরায় তার সহকর্মীরা খোঁজাখুঁজি করেছেন।
মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলী জানান, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। প্রাথমিকভাবে এটি দুর্ঘটনা বলে মনে হচ্ছে। বিষয়টি তদন্ত করে বিস্তারিত জানা যাবে।