সাভারের আশুলিয়ায় নিখোঁজের চার দিন পর মো. রবিউল ইসলাম (১০) নামে এক শিশুর গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রবিবার দুপুরে আশুলিয়ার কাঠগড়ার দুর্গাপুর এলাকার একটি বাড়ির সিঁড়ির নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত শিশু রবিউল পাবনা জেলার সাঁথিয়া থানার ধোপাদাও গ্রামের মো. সুমন হোসেনের ছেলে। সে বাবা-মায়ের সঙ্গে আশুলিয়ার দুর্গাপুর এলাকায় আল-আমিন শেখের বাড়িতে ভাড়া থেকে স্থানীয় একটি মাদ্রাসায় লেখাপড়া করত।
পুলিশ জানায়, নিখোঁজ শিশুটির বাবা রিকশাচালক এবং মা একটি পোশাক কারখানায় কাজ করেন। বৃহস্পতিবার শিশুটি নিখোঁজ হয়। এরপর রবিবার স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ওই এলাকার আবুল হোসেনের বাড়ির সিঁড়ির নিচ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) জিয়াউল ইসলাম জানান, এ ঘটনায় মামলা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।