রোহিঙ্গা প্রত্যাবাসনে মস্কোর সহযোগিতা চায় ঢাকা

বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীর সেদেশে প্রত্যাবাসনের জন্য রাশিয়ার সহযোগিতা চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। গতকাল রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে রাশিয়ার নবাগত রাষ্ট্রদূত আলেক্সান্ডার ভিকেনতেভিচ মান্তিতস্কি সৌজন্য সাক্ষাত্ করতে গেলে পররাষ্ট্রমন্ত্রী এ আহ্বান জানান। এ সময় তিনি রাশিয়ার নতুন রাষ্ট্রদূতকে বাংলাদেশে স্বাগত জানান।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে এবং যুদ্ধপরবর্তী দেশ গঠনে রাশিয়ার অবদান বাংলাদেশ কৃতজ্ঞচিত্তে স্মরণ করে। এ সময় বাংলাদেশ-রাশিয়ার কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উদ্যাপনে রাশিয়ার আগ্রহের কথা দেশটির নবাগত রাষ্ট্রদূত পুনর্ব্যক্ত করলে উভয় দেশই অনুষ্ঠানের আয়োজন করতে পারে বলে মত প্রকাশ করেন পররাষ্ট্রমন্ত্রী। ২০২৩ সালে রূপপুর পারমাণবিক বিদ্যুেকন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর উপস্থিত থাকার আশা ব্যক্ত করেন ড. মোমেন।