বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এমপি বলেছেন, ‘ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ) দীর্ঘদিন ধরে বাংলাদেশকে বাণিজ্যসুবিধা প্রদান করে আসছে, এজন্য বাংলাদেশ কৃতজ্ঞ। আগামী ২০২৬ সালে এলডিসি গ্র্যাজুয়েশনের পরও ইউরোপিয়ান ইউনিয়ন বাংলাদেশকে প্রদত্ত বাণিজ্যসুবিধা অব্যাহত রাখবে বলে আশা করছি।’ তিনি বলেন, ইউরোপিয়ান ইউনিয়ন বাংলাদেশের তৈরি পোশাকের বড় রপ্তানির বাজার। এছাড়া এলডিসি গ্র্যাজুয়েশনের পর রপ্তানি বাণিজ্যে সুবিধা আদায় ও নেগোসিয়েশনের ক্ষেত্রে দক্ষতা বৃদ্ধিতে ইউরোপিয়ান ইউনিয়নের সহযোগিতা প্রয়োজন। ইইউর সঙ্গে বাংলাদেশের বাণিজ্য বৃদ্ধির প্রচেষ্টা অব্যাহত রাখা হবে।
বাণিজ্যমন্ত্রী গতকাল তার সরকারি বাসভবনের অফিসরুমে ইউরোপিয়ান ইউনিয়নের বিদায়ী রাষ্ট্রদূত রিনসজে টেরিংকের সঙ্গে মতবিনিময়ের সময় এসব কথা বলেন। রাষ্ট্রদূত রিনসজে টেরিংক বলেন, বাংলাদেশ ইউরোপিয়ান ইউনিয়নের গুরুত্বপূর্ণ বাণিজ্য অংশীদার। বাংলাদেশকে দেওয়া ইউরোপিয়ান ইউনিয়নের বাণিজ্যসুবিধা অব্যাহত থাকবে। আগামী দিনেও ইউরোপিয়ান ইউনিয়ন বাংলাদেশের পাশে থাকবে।
এ সময় বাণিজ্যসচিব তপন কান্তি ঘোষ, অতিরিক্ত সচিব (রপ্তানি) মো. হাফিজুর রহমানসহ বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।