অসুস্থতার কারণে কাজ বন্ধ করে হঠাত্ পরীমনিকে ছুটতে হয়েছে হাসপাতালে। গতকাল রবিবার বিকেলে তিনি হাসপাতালে যান বলে নিশ্চিত করেছেন পরীমনি। কারাগার থেকে মুক্ত হয়েছেন ১২ দিন পার হয়েছে। গতকাল বিকেলে ফেসবুকে কয়েকটি ছবি পোস্ট করেন পরীমনি। ফেসবুকে ছবিগুলোর লোকেশন জানিয়েছেন ঢাকার একটি বেসরকারি হাসপাতালের নাম। ছবিতে পরীর পরনে ছিল ধূসর সবুজ রঙের পাতলা টপস, মুখে মাস্ক এবং চোখে চশমা। ছবির ক্যাপশনে আলোচিত এই চিত্রনায়িকা লিখেছেন, ‘এই একটার সাথে আমার কোনো ব্রেকআপ নাই।’
কয়েকদিন আগে পরীমনি জানিয়েছিলেন, কয়েক দিন ধরে ঠান্ডাজনিত সমস্যায় ভুগছেন তিনি। জ্বরও আছে। উল্লেখ্য, পরীমনির ভার্টিগো আছে। অনেক দিন ধরেই রোগটি তাকে ভোগাচ্ছে। এই রোগের চিকিত্সার জন্য তাকে ভারতে গিয়েও চিকিত্সা নিতে হয়েছে। গত মঙ্গল ও বুধবার ‘মুখোশ’ চলচ্চিত্রের ডাবিংয়ে অংশ নেন পরীমনি। আগামী মাসে অর্ধসমাপ্ত চলচ্চিত্র ‘প্রীতিলতা’র শুটিংয়েও অংশ নেওয়ার কথা রয়েছে। এরই মধ্যে নতুন আরও কয়েকটি চলচ্চিত্রে অভিনয়ের কথাবার্তাও চলছে।