জাভা ডেভেলপারস কনফারেন্স অনুষ্ঠিত

ইজেনারেশনের উদ্যোগে আন্তর্জাতিক ভার্চুয়াল জাভা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ‘ইজেনারেশন প্রেজেন্টস— জাভা ডেভেলপারস কনফারেন্স’ শীর্ষক এই সম্মেলন সহ-আয়োজক হিসেবে ছিলো স্টার্টআপ হাব নেপাল, উইমেন ইন টেক এশিয়া এবং নাইজেরিয়া ফিডস দ্য ওয়াল্ড ইনিশিয়েটিভ। গত শনিবার আয়োজিত এই সম্মেলনের অংশীদারিত্বে ছিলো সিটিও ফোরাম বাংলাদেশ ও জাভা ইউজার গ্রুপ বাংলাদেশ। বিভিন্ন অঞ্চল থেকে দেশি-বিদেশি জাভা বিশেষজ্ঞ ও প্রযুক্তি পেশাজীবীদের মেলবন্ধন ঘটে এই সম্মেলনে।

সফটওয়্যার ডেভেলপমেন্টের ক্ষেত্রে শীর্ষ পাঁচ জনপ্রিয় ল্যাঙ্গুয়েজের তালিকায় বহুবছর ধরেই স্থান পেয়েছে জাভা। বর্তমানে ফরচুন ৫০০ কোম্পানির ৯০ শতাংশেরও অধিক কোম্পানিতে জাভা ব্যবহূত হয়। জাভার বিস্তৃত খাতে ক্যারিয়ার গড়তে সহায়তার জন্য বর্তমান জাভা পেশাজীবী ও এই পেশায় আগ্রহীদের বিশ্বব্যাপী জাভা কমিউনিটির সাথে এবং চাকরিদাতাদের সাথে সংযোগ ঘটানোর লক্ষে এই সম্মেলন আয়োজন করা হয়। ইজেনারেশনের ব্যবস্থাপনা পরিচালক শামীম আহসান বলেন, জনগোষ্ঠীর অধিকাংশেরই বয়স ৩০ বছরের নিচে এবং তরুণদের মধ্যে প্রযুক্তি গ্রহণের উচ্চহার থাকা স্বত্বেও বাংলাদেশের মতো দেশে প্রযুি্ক্ত খাতে মেধাবী জনবলের অভাব দেখা দেয়া উচিত না। সরকারের উদ্যোগ, যথাযথ প্রশিক্ষণ এবং বেসরকারি খাতের সহায়তায় আমরা এইসব মেধাবীদের মানোন্নয়নে কাজ করতে পারি এবং জাভার শক্তিকে কাজে লাগিয়ে আন্তর্জাতিক পর্যায়ে বিজয়ী হিসেবে প্রতিষ্ঠিত করতে পারি। একইসাথে বাংলাদেশকে উদ্ভাবনী হাই-টেক জাতি হিসেবে রূপান্তর করতে পারি।

সিটিও ফোরাম বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও সভাপতি তপন কান্তি সরকার বলেন, বিচিত্রতা, উপযোগিতা এবং শক্তিশালী কার্যকারীতার জন্য জনপ্রিয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে স্থান করে নিয়েছে জাভা। জাভা জানলে ডেভেলপারদের সামনে বহু পথ খোলা থাকে। এয়ারবিএনবি, উবার, নেটফ্লিক্সসহ বহু প্রযুক্তি জায়ান্ট প্রতিষ্ঠানে এই প্রযুক্তি ব্যবহার করা হয়। ধারাবাহিকভাবে আগামী বছরগুলোতেও জাভা শীর্ষস্থানীয় প্রযুক্তি হিসেবে জায়গা দখল করে রাখবে।

জাভা ইউজার গ্রুপ বাংলাদেশ (জেইউজিবিডি) এর প্রতিষ্ঠাতা এ এন এম বজলুর রহমান বলেন, মাঝে মাঝে ডেভেলপাররা শুধুমাত্র জ্ঞানের দিকে নজর দেয়। জ্ঞান অর্জন গুরুত্বপূর্ণ, তবে দক্ষতা আরও বেশি জরুরি। যদি কেউ জাভাতে ক্যারিয়ার গড়তে চান, তাহলে তাদেরকে এ বিষয়ে গভীর জ্ঞান এবং দক্ষতার প্রয়োজন হবে। সামগ্রিকভাবে ডেভেলপারদের প্রতি আমার পরামর্শ থাকবে যারা জাভাতে ক্যারিয়ার গড়তে চান তারা যেনো দক্ষতা বাড়ান এবং শক্ত ভিত্তি তৈরি করেন।