তেঁতুলিয়ায় প্রথম দিন স্কুল শিক্ষার্থীর উপস্থিতি ছিল ৭০ শতাংশ

তেঁতুলিয়া (পঞ্চগড়) সংবাদদাতা 

মহামারি করোনা ভাইরাসের প্রকোপের কারণে দীর্ঘ দেড় বছর পর প্রাণ ফিরে পেয়েছে শিক্ষাঙ্গন। শিক্ষক-শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানে সরব উপস্থিতিতে উত্সবের আমেজে পরিণত হয়েছে সারা দেশের মতো দেশের উত্তরের পঞ্চগড়ের তেঁতুলিয়ার স্কুলগুলো। শিক্ষার্থীরাও দীর্ঘ দিন পর সহপাঠীদের সঙ্গে মিলিত হতে পেরে আনন্দে আত্মহারা। রবিবার শিক্ষার্থীদের বরণ করে নিতে ব্যাপক প্রস্তুতি ছিল শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে। বিদ্যালয়ের প্রধান ফটকে ছিল তাপমাত্রা মাপার থার্মোমিটার, হ্যান্ড স্যানেটাইজার ও মাস্ক। ফুল, বেলুন ও রঙিন কাগজ দিয়ে সাজানো হয়েছিল বিদ্যালয় ও শ্রেণিকক্ষ। অনেক প্রতিষ্ঠানে মেঝেতে ছিল আলপনা। হাতে হাতে ফুল দিয়ে বরণ করা হয়েছে শিক্ষার্থীদের। প্রতি শ্রেণিকক্ষে পাঠদানে মানা হয়েছিল স্বাস্থ্যবিধি। নো-মাস্ক নো-স্কুল গেটে টাঙানো ছিল ব্যানার।

তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহাগ চন্দ্র সাহা বলেন, আমরা সরকারি নির্দেশনা পেয়ে গত এক সপ্তাহ ধরে এ উপজেলার স্কুলগুলো খোলার প্রস্তুতি নিচ্ছিলাম। প্রথম দিন প্রায় ৭০ শতাংশ শিক্ষার্থী বিদ্যালয়ে উপস্থিত হয়েছে। পর্যায়ক্রমে এই সংখ্যা বাড়বে। শিক্ষার্থীদের মধ্য স্বাস্থ্যবিধি মানার প্রবণতায় উত্সাহ লক্ষ্য করা গেছে। এটা আমাদের ধরে রাখতে হবে।