নাগেশ্বরী (কুড়িগ্রাম) সংবাদদাতা
নাগেশ্বরীতে চরমে পৌঁছেছে বিদ্যুতের লো ভোল্টেজ আর লোডশেডিং। বেড়েছে ভোগান্তি। অতিষ্ট গ্রাহক।
নাট্যকর্মী পৌরসভার সাতানি পাড়ার আবু হোসেন সরকার জানান, সন্ধ্যার পরেই কমে যায় বিদ্যুতের ভোল্টেজ। কমে আসে আলো। আবছা আলোয় ঝাপসা হয়ে যায় চারদিক। সুখাতি বহুমুখী উচ্চ বিদ্যা নিকেতনের সহকারী শিক্ষক মনিরচরের শামিমা আখতার জানান, বিদ্যুতের ভোল্টেজ এতটাই কমে যায় যে, বিদ্যুতের পাখা প্রায়ই ঘোরে না। অসহ্য গরমে কষ্টে কাটে সময়। বামনডাঙ্গা সেনপাড়া গ্রামের বকুল সেন জানান, আমরা যারা পৌরসভার বাইরের গ্রাহক তাদের ভোগান্তি আরো অনেক বেশি। প্রতি সন্ধ্যায় লোডশেডিং নিয়মিত ঘটনা। কখন আসবে তার ঠিক নেই। তারপর রাত ১১টা থেকে ১২টার মধ্যে আবারও লোডশেডিং। একই রকম কথা বলেন আরো অনেক গ্রাহক। ভোগান্তি বন্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
নাগেশ্বরী পল্লী বিদ্যুতের ডেপুটি জেনারেল ম্যানেজার আতিকুর রহমান জানান, লোডশেডিং জাতীয় গ্রিড থেকেই দেওয়া হচ্ছে। আর অতিরিক্ত গরমের কারণে সারা দেশে বিদ্যুতের ব্যবহার বেড়ে যাওয়ায় লো ভোল্টেজ। তবে কবে নাগাদ স্বাভাবিক হবে তা বলা যাচ্ছে না। বৃষ্টি হলে অথবা গরম কমে ঠান্ডা আসলে লো ভোল্টেজ কমতে পারে।