তিন রাস্তার মোড়

রাজধানীর টিকাটুলীতে ঐতিহ্যবাহী রোজগার্ডেনের অবস্থান। সমস্যা রোজগার্ডেন নিয়ে নয়। স্পষ্ট করে বলতে গেলে সমস্যা হলো টিকাটুলী এলাকার তিন রাস্তার মোড় নিয়ে। যা কি না রোজগার্ডেনের সামনে অবস্থিত। তিন রাস্তার মোড়কে সবাই টিকাটুলী মোড় নামে চিনে থাকেন। এই মোড়ের রাস্তাগুলো অত্যন্তচিকন বিধায় মোড়টির তিনদিক দিয়ে প্রতিদিন প্রচুর যান আসা-যাওয়া করে। কিন্তু রাস্তা সরু হওয়ায় যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। এতে করে দিনের বেলা ও সন্ধ্যার পরে দেখা দেয় তীব্র যানজট। আর রাস্তা অতিক্রম করা নিয়ে সবসময়ই মানুষে মানুষে তর্ক-বিতর্ক, কথা কাটাকাটি হয়। প্রায় সারাক্ষণই উচ্চস্বরে চিত্কার-চেঁচামেচি ও অশালীন গালিগালাজ শোনা যায়। এসবে বেশির ভাগ পথচারী বিব্রতবোধ করেন। অনেক সময় কথা কাটাকাটি থেকে মারামারি পর্যন্ত হয়ে থাকে। কোনোদিন আবার মারামারি থেকে বড় দুর্ঘটনা ঘটে হয়ে যায় কি না, সেটাও ভাবার বিষয়। অতএব, টিকাটুলীর মোড়ের এমন দুরবস্থার সমাধানে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লি­ষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করছি।

নিহাল খান

টিকাটুলী, ঢাকা