স্পোর্টস রিপোর্টার
জাতীয় ক্রিকেট দলের সাবেক খেলোয়াড় শেখ রবিউল ইসলামের পাশে দাঁড়িয়েছে বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন। গতকাল সোমবার বিকেলে সচিবালয়ে ক্রিকেটার রবিউলের হাতে ২ লাখ টাকার আর্থিক অনুদানের চেক তুলে দেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি। শেখ রবিউল ইসলাম দীর্ঘদিন যাবত্ শারীরিক নানা জটিলতায় ভুগছেন। তাছাড়া তার বৃদ্ধ মাতাও অসুস্থ অবস্থায় আছেন। ২০১০ থেকে ২০১৪ সাল পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট দলের নিয়মিত খেলোয়াড় রবিউল। তিনি জাতীয় দলের হয়ে ৯টি টেস্ট, ৩টি এক দিনের ম্যাচ এবং ১টি টি-২০ ম্যাচ খেলেছেন। রবিউল জিম্বাবুয়ে সফরে টেস্ট সিরিজে ১৫টি উইকেট শিকার করে ম্যান অব দ্য সিরিজ নির্বাচিত হন, যা দেশের বাইরে এখনো পর্যন্ত বাংলাদেশের ক্ষেত্রে একটি অনন্য রেকর্ড।