মাদক বিক্রি ও সেবনের দায়ে গ্রেফতার ৫৫

ইত্তেফাক রিপোর্ট

মাদক বিক্রি ও সেবনের দায়ে ৫৫ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গত রবিবার সকাল ৬টা থেকে গতকাল সোমবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ তাদের গ্রেফতার করা হয়।

ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার ইফতেখায়রুল ইসলাম জানান, অভিযানে আসামিদের কাছ থেকে ৮৯৮ পিস ইয়াবা, ৪০২ গ্রাম ৩২৯ পুরিয়া হেরোইন, ৩ কেজি ১৭০ গ্রাম গাঁজা ও ১০০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪২টি মামলা দায়ের করা হয়েছে।