মেঘনায় চার শিশুকে নিক্ষেপ লঞ্চ স্টাফদের বিরুদ্ধে মামলা

মুন্সীগঞ্জ প্রতিনিধি

ঢাকার সদরঘাট থেকে ছেড়ে আসা চাঁদপুরগামী ইমাম হাসান-৫ লঞ্চ থেকে মুন্সীগঞ্জের মেঘনা নদীতে চার শিশুকে ফেলে দেওয়ার অভিযোগে লঞ্চটির স্টাফদের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা দায়ের করা হয়েছে। গত রবিবার রাতে মুন্সীগঞ্জ সদর থানায় মামলাটি দায়ের করেন মুক্তারপুর নৌ পুলিশ স্টেশনের ইনচার্জ মো. লুত্ফর রহমান। মামলার তদন্ত করছেন মুক্তারপুর নৌ পুলিশ স্টেশনের এসআই আলামিন মুন্সী। ঐ মামলায় গতকাল পর্যন্ত কেউ গ্রেফতার হননি। এ ঘটনায় উদ্ধার হওয়া চার শিশু হলো—মেহেদুল হাসান (১৩), সাকিব হাসান (১৩), তারিকুল ইসলাম (১০) ও সিয়াম (১৩)। এর মধ্যে সাকিব নোয়াখালীর বেগমগঞ্জ থানার আবুল কাশেমের ছেলে, মেহেদুল গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার চাঁনপুর গ্রামের মো. শরীফের ছেলে, সিয়াম কুমিল্লার চৌদ্দগ্রাম থানার খামার বদুয়া গ্রামের ইমাম হোসেনের ছেলে এবং কুমিল্লার মুন্সীরহাট গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে তরিকুল। তারা সদরঘাট এলাকায় থেকে লঞ্চে পানি বিক্রি ও বোতল সংগ্রহের কাজে জড়িত। শনিবার সকাল ১০টার দিকে মুন্সীগঞ্জ সীমানাধীন মেঘনা নদীতে তাদের ফেলে দেওয়ার ঘটনা ঘটে। এদিকে অভিযুক্ত লঞ্চের স্টাফরা অভিযোগ অস্বীকার করেছেন।