চট্টগ্রামে এক বাসচালককে মারধর করায় দায়ী পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহারে ৪৮ ঘণ্টা সময়সীমা বেঁধে দিয়েছেন পরিবহন শ্রমিক নেতৃবৃন্দ। অন্যথায় নগরীতে পরিবহন ধর্মঘটসহ কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে বলে হুঁশিয়ার করে দিয়েছেন তারা। জানা গেছে, গতকাল সোমবার নগরীর কৈবল্যধাম এলাকায় মো. তারেক নামে এক মিনিবাসচালককে মারধর করেন টিআই মামুন নামে এক পুলিশ কর্মকর্তা। প্রতিবাদে ঐ এলাকার দায়িত্ব থেকে টিআই মামুনকে প্রত্যাহারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন শ্রমিকরা। পরে পুলিশ ও পরিবহন নেতাদের আশ্বাসে তারা মহাসড়ক থেকে সরে যান।
বাংলাদেশ জাতীয় সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (চট্টগ্রাম-সিলেট কমিটি) সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন ইত্তেফাককে বলেন, আমরা ঐ পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহারের জন্য ৪৮ ঘণ্টা সময়সীমা বেঁধে দিয়েছি। অন্যথায় নগরীতে পরিবহন ধর্মঘটসহ বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে। জাতীয় শ্রমিক লীগ নেতা মো. বেলাল হোসেন ইত্তেফাককে বলেন, টিআই মামুন ঐ এলাকায় ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছে। এর আগেও বেশ কয়েকজন পরিবহন শ্রমিক তার হাতে লাঞ্ছিত হয়েছেন। আমরা ট্রাফিক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাকে বারবার জানালেও মামুনের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।