নওগাঁর মহাদেবপুরে আত্রাই নদীতে ডুবে যাওয়ার ২৪ ঘণ্টা পর স্বামী ও চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার সকালে উপজেলার রামচন্দ্রপুর ঘাটের প্রায় অর্ধ কিলোমিটার দক্ষিণ থেকে পারভেজ হোসেন ও তার স্ত্রী মিমি আকতার সোমার লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
পুলিশ জানায়, পারভেজ ও তার স্ত্রী মিমি আকতার সোমা গত রবিবার বেলা সাড়ে ১১টার দিকে রামচন্দ্রপুর গ্রামের পার্শ্ববর্তী আত্রাই নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে যায়। পারভেজ হোসেন ও মিমি আকতার সোমা দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার পুরাতন জেলখানা এলাকার জোবাইদুল ইসলামের পুত্র ও পুত্রবধূ বলে জানা গেছে। কয়েক দিন আগে পারভেজ তার স্ত্রীসহ ভায়রা রামচন্দ্রপুর গ্রামের জুয়েল হোসেনের বাড়িতে বেড়াতে আসে। ঘটনার সত্যতা নিশ্চিত করে থানার ওসি আজম উদ্দিন মাহমুদ জানান, স্বামী-স্ত্রীর লাশ উদ্ধারের পর তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।