ভবানীপুর আসনে উপনির্বাচন ঠেকাতে মামলা, গুরুত্ব দিল না কলকাতা হাইকোর্ট

কলকাতার ভবানীপুর কেন্দ্রে উপনির্বাচনে প্রার্থী হয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এই কেন্দ্রের নির্বাচন পিছিয়ে দেওয়ার উদ্দেশ্যে জনস্বার্থ মামলা করেছিলেন এক ব্যক্তি। দাবি করেছিলেন দ্রুত শুনানিরও। তার সেই আবেদনকে গুরুত্ব দিল না কলকাতা হাইকোর্ট। গতকাল সোমবার কলকাতা হাইকোর্ট প্রশ্ন তুলে বলেছে, আগে আসা হয়নি কেন?

ঐ জনস্বার্থ মামলায় আবেদনে বলা হয়—ভবানীপুর আসনে উপনির্বাচন হলে বাকি চার কেন্দ্রে হবে না কেন? কলকাতার হাইকোর্ট আবেদন গ্রহণ করলেও প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ প্রথমে তা শুনতে অস্বীকার করে। প্রশ্ন তোলে আগে আসা হয়নি কেন। নোটিফিকেশনের এত পরে কেন আদালতে এসেছেন? একই সঙ্গে জানিয়ে দেওয়া হয় ছয় মাস বাদে আদালতে যাওয়ার জন্য। পরে অবশ্য কলকাতা হাইকোর্ট জানায়, ২০ সেপ্টেম্বর মামলাটির শুনানি হবে। মামলাকারীর অভিযোগ, পশ্চিমবঙ্গের মুখ্যসচিব ক্ষমতা ব্যবহার করে প্রভাব খাটিয়েছেন। তিনি শুধু ভবানীপুরের জন্য উপনির্বাচন চেয়েছেন। বাকি কেন্দ্রে কেন ভোট হবে না?

উল্লেখ্য, শুধুই ভবানীপুর কেন্দ্রে উপনির্বাচন কেন তা নিয়ে প্রশ্ন তুলেছিল বিজেপি।  হাইকোর্টে জনস্বার্থ মামলাটি করেন আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, ঐ আইনজীবী বিজেপি ঘনিষ্ঠ।