এহসান গ্রুপের এমডি রাগীব ও তার তিন ভাই রিমান্ডে

প্রতারণা ও জালিয়াতি মাধ্যমে আমানতকারীদের কাছ থেকে ৯১ কোটি টাকা আদায় করে আত্মসাত্ করার অভিযোগে আটক পিরোজপুরে এমএলএম কোম্পানি এহসান গ্রুপের এমডি মুফতি মাওলানা রাগীব আহসান ও তার তিন ভাইকে আদালত সাত দিনের রিমান্ডে দিয়েছে। গতকাল সোমবার পিরোজপুরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মহিউদ্দীন এ রিমান্ড মঞ্জুর করেন। আদালতের পিপি খান মো. আলাউদ্দিন এ কথা জানান।

মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার উপপরিদর্শক মো. মনিরুল ইসলামের আবেদনের প্রেক্ষিতে আদালত আজ মঙ্গলবার থেকে আসামিদের সাত দিনের পুলিশ রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেয়। রিমান্ড শুনানিতে জেলা আইনজীবী সমিতির কোনো অ্যাডভোকেট রাগীব ও তার তিন ভাইয়ের পক্ষাবলম্বন করেননি।

উল্লেখ্য, পিরোজপুর সদর থানায় রাগীব ও তার ভাইদের বিরুদ্ধে মোট চারটি মামলা হয়েছে। শরিয়তসম্মত সুদবিহীন বিনিয়োগে উচ্চ মুনাফা দেওয়ার নামে মাওলানা রাগীব বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন এবং মাদ্রাসা শিক্ষকদের এহসান গ্রুপের ফিল্ড অফিসার বানিয়ে তাদের মাধ্যমে সাধারণ মানুষকে গ্রাহক করে তাদের কাছ থেকে এককালীন ও মাসিক কিস্তিতে আমানত নিয়ে ১৭ হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছেন বলে জানা যায়। গ্রাহকদের এ টাকা আত্মসাত্ করে গা ঢাকা দেওয়া এই চার ভাইকে র্যাব গ্রেফতার করে।