বাংলাদেশ ব্যাংক ও বিএসইসির বৈঠক

মতবিরোধ ইস্যুতে নিয়মিত বৈঠকের সিদ্ধান্ত

ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের নিয়ন্ত্রক সংস্থা হলো বাংলাদেশ ব্যাংক। পুঁজিবাজারে এ দুটি খাতের বাইরে আরো কিছু খাতের কোম্পানি তালিকাভুক্ত। সেক্ষেত্রে কোম্পানি আইন ও ব্যাংক কোম্পানি আইন মেনে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনা পরিপালন করা যাচ্ছে না। এসব বিষয়ে দুই নিয়ন্ত্রক সংস্থা নিয়মিত বৈঠক করার সিদ্ধান্ত নিয়েছে। গতকাল আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থাগুলোর মধ্যে সমন্বয় সভায় এমন সিদ্ধান্ত হয়েছে।

অনলাইনে অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশ ব্যাংক, বিএসইসি, বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) ও ক্ষুদ্র ঋণদাতা প্রতিষ্ঠানের নিয়ন্ত্রক সংস্থা এমআরএর প্রধানরা অংশগ্রহণ করেন।

এছাড়াও মূলত পিএসআই (মূল্য সংবেদনশীল তথ্য) ইস্যুতে বাংলাদেশ ব্যাংক ও বিএসইসির মধ্যে দ্বিমত তৈরি হয়েছে। পিএসআই ঘোষণা দেওয়ার পরে ঐ তথ্যর মধ্যে কোনো সংশোধনী আনা যাবে না। কিন্তু ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী, এমন তথ্যের কোনো আইনি ভিত্তি নেই।

বৈঠকে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের নিয়ন্ত্রক সংস্থা হচ্ছে বাংলাদেশ ব্যাংক। এটি আইন দ্বারা পরিচালিত হয়। সেক্ষেত্রে অন্যান্য প্রতিষ্ঠানের মতো পুঁজিবাজারের সব বিধান এ খাতে বাস্তবায়ন করতে আইনের দিকে খেয়াল রাখতে হবে।

বৈঠকের বিষয়ে বিএসইসির কমিশনার শেখ শামসুদ্দিন আহমেদ বলেন, আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থা হিসেবে বাংলাদেশ ব্যাংক ও বিএসইসির সঙ্গে স্বার্থ সংশ্লিষ্ট সংযোগ রয়েছে। নীতিমালা বাস্তবায়নে কিছু সমস্যা দেখা দিচ্ছে। এ ভিন্নতা থাকাটাই স্বাভাবিক। পুঁজিবাজার উন্নয়নে আমরা চাই সমন্বিতভাবে কাজ করতে। এজন্যই কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

বৈঠকের বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সিরাজুল ইসলাম বলেন, ব্যাংক কোম্পানি আইন ও অন্যান্য বিশেষ করে উত্পাদন খাতের কোম্পানি পরিচালনায় কিছু স্বাতন্ত্র রয়েছে। সেটা থাকলেও ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী-ই পরিচালিত হবে।