সোনারগাঁওয়ে অপহরণের সাত ঘণ্টা পর মায়ের কোলে ফিরল শিশু জবা

সোনারগাঁও থেকে অপহূত জাফনাথ সাঈদা জবা নামের এক শিশুকে অপহরণের সাত ঘণ্টা পর ঢাকার মহাখালী থেকে উদ্ধার করেছে পুলিশ। গত রবিবার দিবাগত রাত দেড়টায় তাকে উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দিয়েছে পুলিশ। এ সময় পুলিশ শিশুটিকে অপহরণ করা কাজের মেয়ে শারমিনকে গ্রেফতার করেছে।

উপজেলার মোগড়াপাড়া বাজার এলাকায় ভাড়া বাসা থেকে রবিবার বিকালে জবাকে অপহরণ করে শারমিন। এ ঘটনায় রাতেই শিশুটির বাবা জহিরুল ইসলাম বাদী হয়ে সোনারগাঁও থানায় মামলা দায়ের করেন। গতকাল সোমবার সকালে অপহরণকারী শারমিনকে নারায়ণগঞ্জ আদালতে পাঠিয়েছে পুলিশ।

জানা যায়, জবার মা উম্মে সালমা ৩৪তম বিসিএস শিক্ষা ক্যাডারে উত্তীর্ণ। তিনি নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজে কর্মরত। আর বাবা মো. জহিরুল ইসলাম নারায়ণগঞ্জ আদালতের আইনজীবী। দুই জনই কর্মজীবী হওয়ায় জবাকে দেখাশোনার জন্য ২৫-২৬ দিন আগে লালমনিরহাট থেকে শারমিন নামের এক মেয়েকে মোগড়াপাড়ার ভাড়া বাসায় নিয়ে আসেন তারা।

পুলিশ জানায়, অপহরণকারী শারমিন মাদকাসক্ত। দীর্ঘদিন ধরে শারমিন ডান্ডি, ইয়াবা, গাঁজাসহ বিভিন্ন মাদক সেবন করছে। এছাড়াও খারাপ ছেলেদের সঙ্গে তার বন্ধুত্ব রয়েছে। মুক্তিপণের জন্য তাকে অপহরণ করা হতে পারে।

সোনারগাঁও থানার ওসি (তদন্ত) এস এম শফিকুল ইসলাম জানান, সাত ঘণ্টা চেষ্টার পর শিশুটিকে উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দেওয়া হয়েছে। অপহরণকারীকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের হয়েছে।