ভারত বাংলাদেশকে ১০৯টি উন্নতমানের কার্ডিয়াক অ্যাম্বুলেন্স উপহার দিয়েছে। সোমবার বিকালে ভারতের হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের কাছে এই অ্যাম্বুলেন্সগুলোর চাবি হস্তান্তর করেন। রাজধানীর তেজগাঁওয়ের সিএমএসডিতে অ্যাম্বুলেন্স হস্তান্তরের সময় সেখানে উপস্থিত ছিলেন স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশিদ আলম ও সিএমএসডির পরিচালক আবু হেনা মোর্শেদ জামান।
ভারতের অ্যাম্বুলেন্স উপহার দেওয়া প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ‘যে কোনো দুঃসময়ে পার্শ্ববর্তী পরীক্ষিত বন্ধুরাষ্ট্র ভারতই সবার আগে বাংলাদেশের পাশে দাঁড়ায়। এই কোভিডকালীন দুঃসময়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নতুন করে ১০৯টি উন্নতমানের কার্ডিয়াক অ্যাম্বুলেন্স উপহার দিয়ে বাংলাদেশের প্রতি ভারতের ভালোবাসার আরেকটি নজির স্থাপন করেছেন। অ্যাম্বুলেন্সগুলো নিঃসন্দেহে দেশের হাসপাতালগুলোর সক্ষমতা আরো বেশি বৃদ্ধি করবে।’
ভারতের দেওয়া অ্যাম্বুলেন্সের পাশাপাশি দেশের হাসপাতাল সার্ভিস ম্যানেজমেন্ট কর্তৃক ২১টি এবং উপজেলা হেলথ কেয়ারের অপারেশন প্ল্যান থেকে আরো ৬০টি অ্যাম্বুলেন্স কেনা হয়। অনুষ্ঠানে অ্যাম্বুলেন্সগুলো স্বাস্থ্যমন্ত্রী ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, জাতীয় বক্ষব্যাধি হাসপাতাল, ঢাকা নর্থ সিটি কোভিড ডেডিকেটেড হাসপাতালসহ দেশের প্রত্যন্ত অঞ্চলের হাসপাতালগুলোর পরিচালক ও প্রতিনিধিদের নিকট হস্তান্তর করেন।