মেঘনা নদীতে সাঁতরে ১৫ কিলোমিটার পাড়ি দিলেন রায়পুরার বৃদ্ধ

নরসিংদীর মেঘনা নদীতে টানা প্রায় চার ঘণ্টা সাঁতার কেটে ১৫ কিলোমিটার দূরের গন্তব্যে পৌঁছলেন রায়পুরার শহিদুল ইসলাম। ৬৩ বছর বয়সি এই কৃষক গতকাল সোমবার সকাল ৮টায় রায়পুরা উপজেলার মনিপুরা ঘাট থেকে সাঁতার শুরু করে দুপুর ১২টার দিকে নরসিংদী শহরের থানার ঘাটে এসে পৌঁছান। এ সময় তাকে ফুলেল শুভেচ্ছা জানান স্থানীয় লোকজন ও নিজ গ্রাম থেকে আগত স্বজনরা। শহিদুল ইসলাম রায়পুরা উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের দড়িবালুয়াকান্দি গ্রামের বাসিন্দা।

সাঁতারু শহিদুল ইসলাম জানান, মেঘনা নদী সাঁতরে পাড়ি দেওয়ার ইচ্ছাটা পূরণ হয়েছে ভেবে ভালো লাগছে। মাঝপথে সমস্যা হলে আমাকে উদ্ধারের জন্য বেশকিছু নৌকাও প্রস্তুত রেখেছিল গ্রামবাসী। গন্তব্যে পৌঁছার পর মনে হয়েছে আরো সাঁতরাতে পারতাম।