গাজীপুরে বিলে গোসল করতে নেমে পানিতে ডুবে তিন কিশোরীর মৃত্যু হয়েছে। এছাড়া এক শিশু নিখোঁজ রয়েছে। গতকাল সোমবার দুপুরে সদর উপজেলার লবন্দহ বিলে এ ঘটনা ঘটে।
নিহত তিন কিশোরী হচ্ছে-সদর উপজেলার পাইনশাইল গ্রামের সোলাইমান হোসেনের মেয়ে রিচি আক্তার (১৫), একই গ্রামের মনজুর হোসেনের মেয়ে মায়া আক্তার (১৪) ও হায়েত আলীর মেয়ে আইরিন আক্তার (১৪)। নিহত আইরিন স্থানীয় গাছপুকুরপাড়া দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্রী। রিচি ভাওয়াল মির্জাপুর হাজী জমির উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্রী এবং মায়া একই স্কুলের সপ্তম শ্রেণির ছাত্রী। এছাড়া স্থানীয় সম্পা মডেল স্কুল অ্যান্ড কলেজের তৃতীয় শ্রেণরি ছাত্রী সোলাইমান হোসেনের ছোট মেয়ে রিয়া আক্তার (১০) নিখোঁজ রয়েছে।
জানা যায়, গাজীপুর সদর উপজেলার পাইনশাইল গ্রামের সোলাইমানের বাড়ির পাশে লবন্দহ বিলে সোমবার দুপুরে রিচি, তার বোন রিয়া এবং আইরিন, মায়া ও সাবিনা নামের পাঁচ কিশোরী গোসল করতে নামে। এ সময় এক কিশোরী হঠাৎ বিলের পানিতে তলিয়ে যায়। অন্যরা তাকে দেখতে না পেয়ে চিত্কার ও খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে সাবিনা পাড়ে উঠতে পারলেও অন্যরা পানিতে ডুবে যায়। আশপাশের লোকজন তাদের উদ্ধার করতে না পেরে ফায়ার সার্ভিসকে জানায়। খবর পেয়ে গাজীপুর ও টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরিরা ঘটনাস্থলে গিয়ে প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় তিন জনের লাশ উদ্ধার করে। সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজ রিয়া আক্তারকে উদ্ধার করা সম্ভব হয়নি। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
খবর পেয়ে গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার সানজিদা আফরিন, গাজীপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল জাকী ও জয়দেবপুর থানার ওসি মো. মাহতাব উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন।
ইত্তেফাক/এএএম