স্টাফ রিপোর্টার, রংপুর
রংপুরের কাউনিয়ায় তিস্তা নদী থেকে একটি শুশুক উদ্ধার করেছে এলাকার জেলেরা। উজানের ঢলে জলজপ্রাণীটি ভারত থেকে ভেসে চলে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।
মঙ্গলবার সকালে উপজেলার টেপামধুপুর ইউনিয়নে তিস্তা নদীতে মাছ ধরতে গেলে ঐ মরা প্রাণীটি দেখতে পান জেলেরা। পরে উপজেলা মত্স্য কর্মকর্তাসহ থানা পুলিশকে বিষয়টি জানানো হয়। এর দৈর্ঘ্য ৯ ফুট এবং প্রস্থ তিন ফুট। ওজন প্রায় সাড়ে তিন মণ।
স্থানীয় জেলে জহুরুল ইসলাম জানান, মঙ্গলবার সকাল ৬টার দিকে তিন জন মিলে তিস্তা নদীর চরগনাই এলাকায় মাছ ধরতে যান। এ সময় নদীতে বিশাল আকৃতির মাছসদৃশ কিছু ভাসতে দেখেন তারা। প্রায় এক ঘণ্টা পর নদী থেকে এটি উপরে তুলে আনেন। পরে মত্স্য কর্মকর্তাসহ থানা পুলিশ এসে এটিকে শনাক্ত করেন। স্থানীয় সংবাদকর্মী মোস্তাক জানান, এর আগে এত বড় শুশুক তিস্তা নদীতে পাওয়া যায়নি। এটি দেখতে বিভিন্ন এলাকার মানুষ সেখানে সকাল থেকে ভিড় করেন। টেপামধুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি জানান, বিশাল আকৃতির প্রাণীটি পাওয়ার পর মত্স্য অফিসকে খবর দিয়েছি। এ বিষয়ে সহকারী মত্স্য কর্মকর্তা মাহবুবুল আলম বলেন, নদীতে জলজপ্রাণীটিকে মৃত অবস্থায় উদ্ধার করেছেন স্থানীয় জেলেরা। এর শরীরে পঁচন ধরায় এটি মাটিতে পুঁতে ফেলা হয়েছে।