চাটমোহর (পাবনা) সংবাদদাতা
চাটমোহর উপজেলায় কোনো রকম সুরক্ষা ব্যবস্থা ছাড়াই যত্রতত্র বিক্রি হচ্ছে এলপিজি (গ্যাস সিলিন্ডার) ও পেট্রোল-ডিজেল। ফলে যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।
সরেজমিনে দেখা গেছে, চাটমোহর পৌর শহরসহ উপজেলার হাট-বাজার, রাস্তার মোড়ে মোড়ে সড়কের পাশে প্রকাশ্যে বিক্রি হচ্ছে এলপিজি গ্যাস, পেট্রোল ও ডিজেল। মুদি দোকান থেকে শুরু করে পানের দোকান, টাকা রিচার্জের দোকান, প্লাস্টিকসামগ্রী, ফলের, বিভিন্ন শো-রুম, ওষুধের দোকান, কীটনাশক, বৈদ্যুতিক যন্ত্রপাতির দোকানের সামনে রাখা হয়েছে এলপিজি গ্যাস, ডিজেল ও পেট্রোল। দামও নেওয়া হচ্ছে বেশি। গ্যাস ও তেল বিক্রির জন্য নেই কোনো অগ্নিনির্বাপক বা বিস্ফোরক লাইসেন্স।
বিষয়টি নিয়ে মঙ্গলবার অনুষ্ঠিত উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় আলোচনা হয়েছে। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সৈকত ইসলাম বলেছেন, যেখানে সেখানে পেট্রোল, ডিজেল আর এলপিজি বিক্রি করায় দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে। এজন্য পদক্ষেপ নেওয়া হবে। ছোট ছোট দোকান বন্ধ করতে তিনি বিট পুলিশ, ইউপি চেয়ারম্যান ও আনসার এবং ভিডিপি কর্মকর্তার সমন্বয়ে কমিটি গঠন করেন। তাছাড়া ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে বলে জানান তিনি। সভায় সহকারী কমিশনার (ভূমি) শারমিন ইসলাম বলেন, এলপিজি গ্যাস বিক্রির জন্য ব্যবসায়ীদের বিস্ফোরক লাইসেন্স নিতে হবে। তা না হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।