বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় সেলিম মিয়া (৩০) নামের যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। রবিবার সকাল ১১টার দিকে উপজেলার মধ্য আন্ধ্যারিয়াপাড়া গ্রামে খুন হওয়া যুবকের রক্তমাখা জামা কাপড় গর্ত থেকে উদ্ধার করেছে পুলিশ।
নিহত সেলিম মিয়া আন্ধ্যারিয়াপাড়া গ্রামের জামাল উদ্দিন নন্দীর ছেলে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, শনিবার রাত সাড়ে ১০ টার দিকে সেলিম মিয়াকে পার্শ্ববর্তী বাড়ির মোহাম্মদ আলী দারোগার নেশাখোর ছেলে রিয়াদ, হাফেজ খলিফার ছেলে ফারহান ও আলাউদ্দিনের ছেলে মোহাব্বত আলী বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে মোহাব্বত আলীর গরুর খামারে সেলিমকে কুপিয়ে আহত করে। রাত ২ টার দিকে আহত সেলিমকে প্রথমে ফুলবাড়ীয়া স্বাস্থ্য কমপ্লেক্স পরে তার অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রবিবার সকাল ৮ টার দিকে তার মৃত্যু হয়।
আরো পড়ুন: মদিনায় মায়ের সামনে শিয়া শিশুর শিরশ্ছেদ
রবিবার সকাল ১১ টার দিকে পুলিশ মোহাব্বত আলীর গরুর খামার থেকে নিহত সেলিমের রক্তমাখা জামা কাপড় রশি লোহার শিকল উদ্ধার করে।
ফুলবাড়ীয়া থানার অফিসার ইনচার্জ শেখ কবিরুল ইসলাম জানান, কি নিয়ে হত্যাকাণ্ড ঘটেছে তা এখনো স্পষ্ট নয়। তবে হত্যাকারীদের মধ্যে রিয়াদ নেশাগ্রস্ত যুবক বলে প্রাথমিকভাবে জানা গেছে। হত্যাকারীদের গ্রেফতারে পুলিশি অভিযান চলছে। নিহতের লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।
ইত্তেফাক/বিএএফ