চমেক হাসপাতালের নালা থেকে দুই নবজাতকের লাশ উদ্ধার

চট্টগ্রাম অফিস

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের নালা থেকে দুই নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় হাসপাতালের প্রশাসনিক ভবনের পাশের নালা থেকে লাশ দুটি উদ্ধার করা হয়। চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির এসআই নুরুল আলম আশিক ইত্তেফাককে জানান, নালা পরিষ্কারের সময় নবজাতকদের লাশ দেখতে পান হাসপাতালের পরিচ্ছন্নকর্মীরা। পলিথিনে মোড়ানো অবস্থায় একটি লাশ নালায় পড়েছিল, আরেকটি পাশে ছিল। পরে হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি অবহিত করা হয়। এসআই আশিক আরো জানান, নালায় পাওয়া দুটি লাশই অপরিণত শিশুর। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। নবজাতক দুটির লাশ আপাতত চমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এগুলো আনজুমানে মফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হবে।