তিতাস (কুমিল্লা) সংবাদদাতা
কুমিল্লার তিতাসে স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর (এলজিইডি) অফিসে উপজেলা প্রকৌশলী, হিসাবরক্ষণসহ ছয়টি পদ দীর্ঘদিন যাবত্ শূন্য রয়েছে। ফলে দাপ্তরিক কার্যক্রমসহ মাঠ পর্যায়ে উন্নয়ন কাজের তদারকিতে ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। উপজেলা এলজিইডি অফিস সূত্রে জানা যায়, মো. ওয়াহেদুর রহমান গত ৩১ জুলাই ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চিকিত্সাধীন অবস্থায় মারা যান। এরপর দাপ্তরিক কাজ সম্পাদনে হোমনা উপজেলা প্রকৌশলী মুহম্মদ জুনাইদ আবছার চৌধুরীকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়। বিশেষ করে হিসাবরক্ষক পদটি প্রায় দুই বছর যাবত্ শূন্য রয়েছে। উপসহকারী প্রকৌশলীর তিনটি পদের মধ্যে একটি খালি রয়েছে। দুটির মধ্যে এক জনের মুরাদনগর বদলির অর্ডার হয়েছে। এছাড়াও উপসহকারী প্রকৌশলী (নকশাকারক), সহকারী হিসাবরক্ষক, কার্য-সহকারী পদগুলো দীর্ঘদিন যাবত্ শূন্য রয়েছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ টি এম মোর্শেদ জানান, অল্প কিছুদিন হলো আমি এখানে দায়িত্ব গ্রহণ করেছি। উপজেলা প্রকৌশলী পদটি শূন্য থাকায় উপজেলা চেয়ারম্যানের মাধ্যমে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। শীঘ্রই এখানে আমরা একজন কর্মকর্তা পাব। উপজেলা চেয়ারম্যান পারভেজ হোসেন সরকার বলেন, দুই-এক দিনের মধ্যে এখানে একজন প্রকৌশলী নিয়োগ দেওয়া হবে বলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছে। বাকি শূন্যপদগুলোর বিষয়েও যত দ্রুত সম্ভব সমস্যার সমাধান করা হবে।