স্টেডিয়াম বাঁচাও

দীর্ঘদিনের অযত্ন আর অবহেলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে নারায়ণগঞ্জের খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম। ২০০৬ সালে স্টেডিয়ামটি আন্তর্জাতিকভাবে ম্যাচ আয়োজনের মর্যাদা লাভ করে। কিন্তু এত লম্বা সময়ে মাত্র দুটি টেস্ট ও ১০টি ওয়ানডে ম্যাচ এই মাঠে অনুষ্ঠিত হয়েছে। ২০১৫ সালের পর কোনো আন্তর্জাতিক ম্যাচ এই মাঠে অনুষ্ঠিত হয়নি। কয়েকটি ক্লাব আর ঘরোয়া টুর্নামেন্ট অনুষ্ঠিত হলেও, এখন সেটিও সম্ভব হয় না। সংস্কারের অভাবে মাঠটি দুর্দশাগ্রস্ত। পানি জমতে জমতে এখন নর্দমায় পরিণত হয়েছে!

ঢাকার অদূরে হলেও নানা অজুহাতে ম্যাচ আয়োজনে অনীহা ছিল কর্তৃপক্ষের। ২৫০০ দর্শকের ধারণক্ষমতার স্টেডিয়ামের সংস্কারকাজ হয় না! তাই মাঠের চারপাশ নিচু হয়ে এখন সারা বছর পানি জমে থাকে। নারায়ণগঞ্জ হারাচ্ছে তার ক্রিকেটিয় ঐতিহ্য। নারায়ণগঞ্জবাসীর প্রাণের দাবি এই মাঠ অতিদ্রুত সংস্কার করে খেলার উপযোগী করা হোক এবং আবারো আন্তর্জাতিক ম্যাচ মাঠে গড়াক।

মোহাম্মদ মাছুম

শিক্ষার্থী, নারায়ণগঞ্জ