৯/১১-এর স্মৃতিস্তম্ভে ‘তালেবান’ লেখা নিয়ে যুক্তরাষ্ট্রে চাঞ্চল্য

৯/১১ হামলায় নিহতদের স্মরণে তৈরি করা হয় গ্রানাইটের স্মৃতিস্তম্ভ। সেই স্মৃতিস্তম্ভে মৃতদের স্মরণে অংশ নিয়েছিলেন কয়েকশ মানুষ। এরপর দিনই সেখানে দেখা যায় ‘তালেবান’ শব্দ লেখা। ঘটনাটি ঘটে যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনার গ্রিনভিল শহরে। এ নিয়ে বেশ চাঞ্চল্য সৃষ্টি হয়েছে দেশটিতে। এমন কাণ্ড কে ঘটিয়েছে তা নিয়ে চলছে তদন্ত।

ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়, সন্ত্রাসী হামলার ২০ বছর উপলক্ষ্যে গত সপ্তাহে সাউথ ক্যারোলাইনায় স্মৃতিস্তম্ভটি নির্মাণ করা হয়। ঐ স্মৃতিস্তম্ভে শনিবার নীল স্প্রে দিয়ে ‘তালেবান’ শব্দ লিখে দেয় কে বা কারা। স্মৃতিস্তম্ভের দায়িত্বে থাকা ‘আপস্টেট গ্রানাইট সলিউশনের প্রতিষ্ঠাতা পল নিকোলাস বলেন, কেউ শনিবার গভীর রাতে স্মৃতিস্তম্ভের দুই পাশে সংগঠনের নামটি স্প্রে করে লিখে দেয়। পরে স্মৃতিস্তম্ভ থেকে ‘তালেবান’ লেখা মুছে দেওয়া হয়েছে। তবে এ ঘটনায় বিরক্ত প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। এ নিয়ে গ্রিনভিল কাউন্টি শেরিফের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে।