সিরাজদিখানে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা, প্রতিবাদে মানববন্ধন

সিরাজদিখান প্রেসক্লাবের সাবেক সভাপতি ও  দৈনিক ইত্তেফাকের সিরাজদিখান সংবাদদাতা সামসুজ্জামান পনিরের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহার চেয়ে প্রতিবাদ সভা ও মানববন্ধন করেছে সিরাজদিখান প্রেসক্লাব। গতকাল  প্রেসক্লাবের সভাপতি ইমতিয়াজ বাবুলের সভাপত্বিতে এবং সাধারণ সম্পাদক জাবেদুর রহমান যোবায়েরের সঞ্চালনায় প্রেসক্লাব কার্যালয়ে প্রতিবাদে সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জানা যায়, উপজেলার বাসাইল ইউনিয়নের গুয়াখোলা (নগর) জামে মসজিদ নামে শতবর্ষ আগের ৮ শতাংশ জমির ওপর মসজিদ স্থাপিত হয় এবং এর পাশেই মসজিদের ৯৩ শতাংশ ফসলি জমি রয়েছে।  মসজিদটির ইমামের বেতন, মসজিদের সংস্কার ও বিভিন্ন ব্যয় নির্বাহ করা হয় এ জমির আয় দিয়ে। দীর্ঘদিন যাবত্ সাংবাদিক সামছুজ্জামান পনির সেই মসজিদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। সম্প্রতি মসজিদটির ওপর লোলুপ দৃষ্টি পড়ে গুয়াখোলা গ্রামের ফরিদ সরকার, তার ভাতিজা শাকিলুর রহমান ও আতিকুর রহমানের। তারা মসজিদ কমিটিকে না জানিয়ে এক ব্যক্তিকে জমির মালিক এবং আরেক জনকে ভুয়া মোতায়াল্লি সাজিয়ে এবং আতিকুর রহমান সরকারকে বাদী বানিয়ে মুন্সীগঞ্জ আদালতে ঐ জমির মালিকানা দাবি করে মামলা করেন। মসজিদ কমিটি জানতে পেরে ঐ মামলার রায়ের বিরুদ্ধে আপিল করে, যা এখনো চলমান। মসজিদ কমিটির সভাপতি সামসুজ্জামান পনিরের নেতৃত্বে গুয়াখোলা এলাকাবাসী ফরিদ সরককার গংদের বিরুদ্ধে গ্রামে মানববন্ধনও করে। ফরিদ সরকার বাদী হয়ে সামছুজ্জান পনিরকে  প্রধান  আসামি করে ১৩ জনের নামে মুন্সীগঞ্জ আমলি আদালতে মামলা করে। আর এই মামলার প্রতিবাদে সিরাজদিখান প্রেসক্লাব প্রতিবাদ সভা ও মানববন্ধন করে।

প্রতিবাদ সভা ও মানববন্ধনে উপস্থিত ছিলেন সিরাজদিখান প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এমদাদুল হক পলাশ, সাবেক সভাপতি কাজী নজরুল ইসলাম বাবুল, শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলার ইত্তেফাক সংবাদদাতা নুরুল ইসলাম খোকনসহ সিরাজদিখান প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ ও স্থানীয় জনগণ।