সিংগাইরে গ্রাম্য সালিশবৈঠকে এক সংখ্যালঘু পরিবারের তিন সদস্যকে পিটিয়ে জখম করার হোতা সোহেলকে অবশেষে আটক করেছে থানা পুলিশ। ‘এসআই বলেন, চেয়ারম্যানের কাছে যেতে, চেয়ারম্যান দেখান থানা’ সিংগাইরে গ্রাম্য সালিশে বিচারপ্রার্থীকে মারধর শিরোনামে রবিবার দৈনিক ইত্তেফাকে সংবাদ প্রকাশিত হয়। তার সূত্র ধরে তাকে আটক করা হয়। সহকারী পুলিশ সুপার সিংগাইর সার্কেলের মো. রেজাউল হক ও থানার ওসি সফিকুল ইসলাম জানান, দৈনিক ইত্তেফাকে প্রকাশিত সংবাদটিকে গুরুত্ব দিয়েই পুলিশ সুপার গোলাম আজাদের নির্দেশে ঘটনার হোতা সন্ত্রাসী সোহেলকে সোমবার সন্ধ্যায় আটক করা হয়। সেই সঙ্গে ঐ সংখ্যালঘু পরিবারটিকেও ডেকে আনা হয়। তারা যেহেতু মামলা করতে রাজি নয় তাই গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে ভবিষ্যতে যাতে তাদের হয়রানির শিকার হতে না হয় সে ব্যাপারে কঠোর পদক্ষেপ গ্রহণ করে মুচলেকা নিয়ে গতকাল মঙ্গলবার সকালে আসামি ছেড়ে দেওয়া হয়। এ ছাড়া জিডি করতে টাকা নিয়ে কাজ করার ব্যাপারেও অভিযুক্ত এসআই মনিরের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।