বিদেশ থেকে আমদানি করা সয়াবিন উপাদান বেনাপোল বন্দর দিয়ে রপ্তানি হচ্ছে ভারতে। এ সয়াবিন উপাদান আনা হয় ডেইরি ও পোলট্রি ফিডের জন্য। ফলে মারাত্মক ঝুঁকিতে পড়েছে দেশীয় ডেইরি ও পোলট্রি শিল্প। বেনাপোল বন্দর দিয়ে প্রতিদিন আট শতাধিক ট্রাক বোঝাই সয়াবিন রপ্তানি হচ্ছে ভারতে। ভারতীয় ব্যবসায়ীরা বাংলাদেশ থেকে এসব সয়াবিন আমদানি করে পোলট্রি ফিড তৈরি করে পুনরায় বেশি দামে বাংলাদেশে পাঠাচ্ছে বলে জানিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ ।
গত ৫ সেপ্টেম্বর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ( উদ্ভিদ সংগনিরোধ উইং) এর পরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেন স্বাক্ষরিত এক অদেশে বাংলাদেশ থেকে সয়াবিন রপ্তানির ওপর নিষেধাজ্ঞা জারি করেন। যার স্মারক নাম্বার ছিল-৪৬৪৮। নিষেধাজ্ঞায় বলা হয়, প্রাণিসম্পদ সেক্টরে ডেইরি ও পোলট্রি ফিডে সয়াবিন একটি অন্যতম উপাদন। দেশীয় বাজারে বাত্সরিক সয়াবিনের প্রাপ্যতার ঘাটতি রয়েছে। দেশে ডেইরি ও পোলট্রি সেক্টরে চাহিদা মেটাতে বছরে প্রায় ১৫ লাখ মেট্রিক টন সয়াবিন প্রয়োজন। যার সিংহভাগই আমদানি করতে হয় বিভিন্ন দেশ থেকে। তাই সয়াবিন রপ্তানি করলে দেশে ডেইরি ও পোলট্রি শিল্পে বড় ধরনের প্রভাব পড়বে। বেড়ে যাবে পোলট্রি ফিডের মূল্য।
এই নিষেধাজ্ঞা জারির পরপরই বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষ সব ধরনের সয়াবিন রপ্তানি বন্ধ করে দেয়। কিন্তু গত ৯ সেপ্টেম্বর আনোয়ার হোসেন স্বাক্ষরিত আরেকটি আদেশে সয়াবিন রপ্তানির ওপর আগের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেন। যার স্মারক নাম্বার -৪৭৬৩। আমদানিকারক ব্যবসায়ী মহসিন মিলন ইত্তেফাককে বলেন, বিদেশ থেকে আমদানি করা সয়াবিন দেশের চাহিদা না মিটিয়ে আরেক দেশে পাঠিয়ে দেওয়ায় ডেইরি ও পোলট্রি শিল্প পড়েছে মারাত্মক ঝুঁকির মুখে। বেনাপোল বন্দর দিয়ে প্রতিদিন শত শত ট্রাক সয়াবিন রপ্তানি হচ্ছে ভারতে। এই শিল্পকে বাঁচাতে এখনি সয়াবিন রপ্তানি বন্ধ করা খুবই জরুরি।
এ ব্যাপারে মোহাম্মদ আনোয়ার হোসেন ইত্তেফাককে বলেন, প্রথম চিঠির পরে আমরা আরো একটি চিঠি ইস্যু করে ফের রপ্তানির অনুমতি দিয়েছি। লাইফ স্টকের ডিজি ভারতে সয়াবিন রপ্তানির বিষয়টি নিরুত্সাহিত করার পক্ষে তার অভিমত ব্যক্ত করেছেন। তবে আমি ‘বাধ্য হয়েই’ পুনরায় রপ্তানির অনুমতি দিয়েছি।
বেনাপোল কাস্টমস হাউজের ডেপুটি কমিশনার শামিমুর রহমান ইত্তেফাককে বলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি থেকে সয়াবিন রপ্তানি বন্ধের জন্য বেনাপোল কাস্টমস হাউজকে চিঠি দিয়েছিল। একই অফিস আরেকটি চিঠি দিয়ে আগের নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে।