জামালপুরের ইসলামপুরের এক মহিলা মাদ্রাসা থেকে তিন শিশু শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। দ্বিতীয় শ্রেণির ঐ তিন শিক্ষার্থী গত তিন দিন ধরে নিখোঁজ রয়েছে। সোমবার বিকালে এ ব্যাপারে মাদ্রাসার মুহতামিম মাওলানা মো. আসাদুজ্জামান ইসলামপুর থানায় সাধারণ ডায়ারি করেছেন। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য মুহতামিমসহ দুই শিক্ষক ও দুই শিক্ষার্থীকে আটক করেছে। গোয়ালেরচর ইউনিয়নের বাংলাবাজার এলাকায় তাক্বওয়া মহিলা কওমি মাদ্রাসাটি অবস্থিত। মাদ্রাসাতে ৭৫ জন শিক্ষার্থীকে আট জন শিক্ষক পাঠদান করান। মাদ্রাসার মুহতামিম আসাদুজ্জামান পরিবার নিয়েই মাদ্রাসার ভেতরের একটি কক্ষে বসবাস করেন। সাইনবোর্ড সর্বস্ব তাক্বওয়া মহিলা মাদ্রাসা নামে মাদ্রাসাটি ২০২০ সাল থেকে পরিচালনা করে আসছেন তিনি।