নির্দেশনা না মানলে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হবে :শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, করোনা পরিস্থিতি মোকাবিলা ও ডেঙ্গুর প্রকোপ থেকে শিক্ষার্থীদের রক্ষায় কোনো শিক্ষাপ্রতিষ্ঠান ধারাবাহিকভাবে নির্দেশনা না মানলে সেই প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হবে।

গতকাল মঙ্গলবার রাজধানীর ইডেন কলেজে নতুন ভবন উদ্বোধন ও মত্স্য পোনা অবমুক্তকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

মাদ্রাসাগুলোতে স্বাস্থ্যবিধি না মানার প্রবণতার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে শিক্ষামন্ত্রী বলেন, ‘আমরা অনেক নজরদারি করতে পারি। কিন্তু তারা যদি সচেতন না হন, নিয়ম না মানার প্রবণতা থাকে এবং ধারাবাহিকভাবে নিয়ম ভঙ্গ করে, তাহলে সেসব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হবে।’

তিনি বলেন, একটা স্কুল বা মাদ্রাসায় যদি ছড়ায় (করোনা) তাহলে সেটি কিন্তু সেই প্রতিষ্ঠানে সীমাবদ্ধ থাকবে না। সেটি পুরো কমিউনিটিতে ছড়াবে, আমরা সেই ঝুঁকি নিতে পারি না। কাজেই সেই প্রতিষ্ঠান যে স্তরেরই হোক মাদ্রাসা, কারিগরি, প্রাথমিক বা মাধ্যমিক সেখানে যদি কোনো অবহেলা থাকে, তাহলে সেটি আমরা ঠিক করার চেষ্টা করব। কেউ যদি বারবার নিয়ম ভঙ্গ বা অবহেলা করে, তাহলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

শিক্ষামন্ত্রী বলেন, আমাদের নির্দেশনা সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য, বাংলা ও ইংরেজি মাধ্যম ভাগ নেই। কোনো শিক্ষাপ্রতিষ্ঠান যদি না খুলে থাকে, অবহেলা করে থাকে, তাহলে আমাদের জানাবেন।