ঋণ পরিশোধে সময় বাড়ানোর অনুরোধ বিজিএমইএর

পোশাকশিল্পে কোভিড-১৯ মহামারির প্রভাব কাটিয়ে উঠতে সরকারের আরো সহযোগিতা চেয়েছে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ। এজন্য ঋণ পরিশোধে কিস্তির সংখ্যা বাড়ানোর এবং খেলাপি না করার জন্য অর্থ মন্ত্রণালয়ের প্রতি অনুরোধ জানিয়েছেন সংগঠনের নেতারা।

বিজিএমইএর ভারপ্রাপ্ত সভাপতি এস এম মান্নানের (কচি) নেতৃত্বে সংগঠনের একটি প্রতিনিধিদল গতকাল মঙ্গলবার সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব আব্দুর রউফ তালুকদারের সঙ্গে এক বৈঠকে এ অনুরোধ জানান। সভায় বিজিএমইএর সাবেক সভাপতি শফিউল ইসলাম (মহিউদ্দিন) এমপি, সহ-সভাপতি শহিদউল্লাহ আজিম, সহ-সভাপতি (অর্থ) খন্দকার রফিকুল ইসলাম ও পরিচালক এম এহসানুল হক উপস্থিত ছিলেন।

বিজিএমইএ নেতারা বলেন, দেশে কোভিড-১৯ মহামারির দ্বিতীয় ঢেউ এর কারণে পোশাকশিল্পের কঠিন সময় দীর্ঘায়িত হয়েছে এবং শিল্প এখনো কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। তাছাড়া ইউরোপসহ বাংলাদেশের প্রধান রপ্তানি বাজারগুলো এখনো পুরোপুরি স্বাভাবিক অবস্থায় ফিরে আসেনি। এই সংকটময় সময়ে তৈরি পোশাকশিল্পকে টিকিয়ে রাখাতে শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতা প্রদানের জন্য প্রদত্ত ঋণ পরিশোধের কিস্তির সংখ্যা ১৮টির পরিবর্তে ৩৬টি করার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করার জন্য বিজিএমইএ নেতারা অর্থ সচিবকে অনুরোধ জানান।

বিজিএমইএ প্রতিনিধিদল সরকারকে কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা গ্রুপের যে কোনো একটি প্রতিষ্ঠানের ঋণখেলাপির কারণে সহযোগী অন্যান্য প্রতিষ্ঠানের চলমান ঋণ ও ব্যাংক সুবিধাদি বন্ধ না করে, খেলাপি ঋণ পুনঃ তপশিলিকরণের সুযোগ দিতেও অনুরোধ জানায়।