আগামী ২০ ও ২১ নভেম্বর যথাক্রমে পাবনা ও নাটোর জেলা আওয়ামী লীগের সম্মেলন তারিখ নির্ধারণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার ধানমন্ডিতে দলীয় সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে বিভাগীয় টিমের সঙ্গে জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আবদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেনসহ রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
বৈঠকে শেষে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আবদুর রহমান জানান, আওয়ামী লীগের একটি নীতিগত সিদ্ধান্ত আছে, প্রতিটি থানায় একটি সাংগঠনিক ইউনিট হবে। পাবনা জেলার আতাইকুলা ও আমিন বাজার দুটি নতুন থানা হওয়ায় সেগুলোকে সাংগঠনিক ইউনিট ঘোষণা করা হয়েছে। নবগঠিত আতাইকুলা ও আমিন বাজার শাখায় শিগিগরই আহ্বায়ক কমিটি করে দেওয়া হবে। তারা সব প্রস্তুতি নিয়ে সম্মেলনের আয়োজন করবেন। এছাড়া ২৯ অক্টোবর ইশ্বরদী উপজেলার সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়েছে।