বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি এক দিন আগে স্থলভাগে উঠে দুর্বল হয়ে ভারতের উপকূলীয় এলাকা থেকে আরো ভেতরে চলে গেছে। ফলে বাংলাদেশের উপকূলীয় এলাকায় আর ঝোড়ো হাওয়ার শঙ্কা নেই। তাই সমুদ্রবন্দরের সতর্কতা সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে। তবে আপাতত নদীবন্দরগুলোতে ১ নম্বর সতর্কতা সংকেত থাকছে। গতকাল মঙ্গলবার আবহাওয়াবিদ ওমর ফারুক এ কথা নিশ্চিত করেন।
তিনি বলেন, এর প্রভাবে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। নিম্নচাপটি উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় আছে। এর প্রভাবে খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায়, রাজশাহী, চট্টগ্রাম ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ ও সিলেটের দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টি হতে পারে।
গতকাল সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তরের বুলেটিনে বলা হয়েছে, গভীর নিম্নচাপটি পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে দুর্বল হয়ে পড়ছে। এখন ভারতের ছত্তিশগড় ও এর আশপাশের এলাকায় অবস্থান করছে। এটি আরো পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে দুর্বল হয়ে পড়তে পারে।
এদিকে নদীবন্দরগুলোর জন্য এক সতর্কবার্তায় বলা হয়, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ সহ বৃষ্টি হতে পারে। এজন্য এসব এলাকার বন্দরগুলোকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। আজ বুধবার সকাল পর্যন্ত উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।