বিশ্ব পর্যটন সংস্থার কমিশনের ভাইস চেয়ার বাংলাদেশ

বিশ্ব পর্যটন সংস্থার কমিশন ফর সাউথ এশিয়ার ২০২১-২০২৩ মেয়াদে দুই বছরের জন্য সর্বসম্মতিক্রমে ভাইস-চেয়ার নির্বাচিত হয়েছে বাংলাদেশ। গতকাল সোমবার বিশ্ব পর্যটন সংস্থার সদস্য দেশগুলোর অংশগ্রহণে কমিশন ফর এশিয়া প্যাসিফিক এবং কমিশন ফর সাউথ এশিয়ার যৌথ আয়োজনে ভার্চুয়াল সম্মেলনে বাংলাদেশ ভাইস-চেয়ার হওয়ার গৌরব অর্জন করে। বাংলাদেশের পাশাপাশি ইরানও কমিশনের ভাইস-চেয়ার নির্বাচিত হয়েছে। সম্মেলনে সভাপতিত্ব করেন পর্যটন সংস্থার মহাসচিব জুরাব পোলোলিকাশভিলি।

এর আগে ২০১৯-২০২১ মেয়াদে কমিশন ফর সাউথ এশিয়ার ভাইস-চেয়ার ছিল ভারত ও শ্রীলঙ্কা। বিশ্ব পর্যটন সংস্থা (UNWTO) জাতিসংঘের পর্যটন বিষয়ক বিশ্ব সংস্থা। বাংলাদেশের এই অর্জনে অনুভূতি ব্যক্ত করে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী এমপি বলেন, বিশ্ব পর্যটন সংস্থার কমিশন ফর সাউথ এশিয়ায় ভাইস-চেয়ার পদে নির্বাচিত হওয়ায় বাংলাদেশ এই অঞ্চলের পর্যটন ব্যবস্থাপনায় নেতৃত্বের স্থানে আসীন হলো।