মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশি সেনা কর্মকর্তা লে. কর্নেল এ কে এম মাহমুদুল হাসান করোনা আক্রান্ত হয়ে গত বুধবার ঘানার আক্রাতে অবস্থিত লেভেল-৩ হাসপাতালে মারা যান। গতকাল মঙ্গলবার বনানী সামরিক কবরস্থানে তার জানাজা অনুষ্ঠিত হয়েছে।
জানাজায় ভারপ্রাপ্ত সেনাবাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসানসহ ঢাকা সেনানিবাসের ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাগণ ও সব পদবির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। জানাজার পর ভারপ্রাপ্ত সেনাবাহিনী প্রধান মরহুমের সম্মানে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে তিনি মরহুমের জ্যেষ্ঠ পুত্র এ কে এম সাদমান সাকিব (৬) এবং মরহুমের কনিষ্ঠ ভ্রাতা মেজর এ কে এম আসিফ মাসুদকে সমবেদনা জানান এবং সেনাবাহিনীর পক্ষ থেকে উক্ত পরিবারকে সর্বাত্মক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।
এরপর শান্তিরক্ষী সেনা কর্মকর্তার মরদেহ ঢাকাস্থ তুরাগে তার নিজ বাড়িতে প্রেরণ করা হয়। সেখানে সম্পূর্ণ সামরিক মর্যাদায় তার দাফনকার্য সম্পন্ন হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র ও এক কন্যা সন্তান রেখে গেছেন। —আইএসপিআর