‘হলিউডে অভিনেতা প্রীতমের অভিষেক’

 বিনোদন রিপোর্ট

 

‘দ্য ক্রাউন শিরোনামে ব্রিটিশ রাজপরিবারের গল্প নিয়ে নির্মিত একটি সিরিজে অভিনয় করছি। এতে আমাকে একটি বিশেষ পর্বে বাংলাদেশ হাইকমিশনারের চরিত্রে দেখা যাবে। দেশকে প্রেজেন্ট করার দারুণ একটি সুযোগ পেয়েছি বলতে পারেন।’—সনি পিকচার্সের সিরিজে অভিনয় করা নিয়ে কথাগুলো বললেন সংগীতশিল্পী ও অভিনেতা প্রীতম আহমেদ। এরইমধ্যে সিরিজটির পোস্টার প্রকাশিত হয়েছে। তবে সেখানে দেখা মেলেনি প্রীতমের। এ নিয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি প্রিন্স চার্লস নই। তাই একটু সময় তো লাগবেই। বাবুর্চি চরিত্রের বাইরে অভিনয় করতে পারাই আমার বড় অর্জন!’

উল্লেখ্য, ‘বালিকা’ খ্যাত এই সংগীতশিল্পী বাংলা গানে যেমন সফলতার ছাপ রেখেছিলেন তেমনি সেই ধারাবাহিকতা বিদেশের মাটিতেও রাখছেন।  এরইমধ্যে তিনি বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন। যেগুলো শিগগিরই মুক্তি পাবে বলে জানিয়েছে প্রীতম। তিনি বলেন, ‘গত এক বছরে সনি পিকচার্স, স্কাই টিভি, অ্যাপল টিভি, বিবিসি প্রোডাকশন, ওয়ার্নার ব্রাদার্স, অ্যামাজন ও নেটফ্লিক্স-এর মোট ৫টি সিনেমা এবং ৮টা সিরিজে কাজ করেছি। যার বেশিরভাগই প্রকাশ হতে থাকবে ২০২২ সাল থেকে। কিছু সিনেমায় অডিও প্রোডাকশনের কাজও করছি, কিন্তু চুক্তির কারণে এখনই কোনো নাম বলতে পারছি না। এছাড়া বর্তমানে সনি পিকচার্স প্রযোজিত শিশুতোষ একটি সিনেমায় কাজ করছি।’ সিনেমা ও সিরিজগুলোতে প্রীতম অভিনয় করেছেন অ্যাকাডেমি অ্যাওয়ার্ড জয়ী এমা স্টোন, এমা থমসন, ক্লেইরি ফয়, এলিজাবেথ ডেভিকি, স্যার জোনাথন প্রাইস, ইমেলডা স্টাটান, ডমেনিক ওয়েস্টের মতো অভিনেতা-অভিনেত্রীদের সঙ্গে। বিখ্যাত এই শিল্পীদের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে প্রীতম বলেন, ‘ওনাদের মতো শিল্পী বা পরিচালকদের সেটে ছায়া হওয়াটাও সৌভাগ্যের বিষয়। সেখানে আমি চরিত্র রূপায়ণ করছি তাদের সঙ্গে, এটা আমার ব্যক্তিগত জীবনের শৈল্পিক অর্জন বলেই ধরে নিচ্ছি।’