বিবিসি ও রয়টার্স
তিয়ানআনমেন স্কয়ারে কথিত দমন-পীড়ন স্মরণে গত বছরের এক অননুমোদিত কর্মসূচিতে অংশ নেওয়ার দায়ে হংকংয়ের ৯ গণতন্ত্রপন্থি কর্মীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। ৬ থেকে ১০ মাসের দণ্ড পাওয়া এই কর্মীরা গত বছর আলো জ্বালিয়ে বেইজিংয়ের তিয়ানআনমেন স্কয়ারে ১৯৮৯ সালে হওয়া কথিত ঐ দমন-পীড়নে হতাহতদের স্মরণ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন।
গতকাল বুধবার ৯ গণতন্ত্রপন্থি কর্মীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়ার পাশাপাশি আরো তিন কর্মীকে স্থগিত সাজা দেওয়া হয়েছে। এই ১২ জনের মধ্যে তিয়ানআনমেন স্মরণে আলোক প্রজ্বালন কর্মসূচির আয়োজক আলবার্ট হো, সাবেক আইনপ্রণেতা এডি চু এবং গণতন্ত্রপন্থি বড় বড় সমাবেশের আয়োজক সিভিল হিউম্যান রাইটস ফ্রন্টের সাবেক নেতা ফিগো চ্যানও আছেন। সাজাপ্রাপ্তরা সবাই তাদের দোষ স্বীকার করে নিয়েছিলেন।
১৯৯৭ সালে যুক্তরাজ্যের কাছ থেকে চীনের হাতে যাওয়া হংকংয়েই সাধারণত প্রতিবছরের ৪ জুন তিয়ানআনমেন স্মরণে বিশ্বের মধ্যে সবচেয়ে বড় আলোক প্রজ্বালন কর্মসূচি পালিত হয়। করোনা ভাইরাস মহামারির কারণে শহরটিতে সমাবেশ করায় কড়া বিধিনিষেধ থাকায় পুলিশ গত বছর ও এ বছরের জুনে আলো জ্বালানোর কর্মসূচি করার অনুমতি দেয়নি।