হাইতির প্রেসিডেন্ট হত্যার তদন্তে প্রধানমন্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

বিবিসি ও রয়টার্স

হাইতির প্রধানমন্ত্রী অ্যারিয়েল হেনরির দেশত্যাগে নিষেধাজ্ঞা আনা হয়েছে। প্রেসিডেন্ট জোভেনেল ময়িজকে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে তার বিরুদ্ধে তদন্ত চলছে। ফলে তদন্ত চলাকালীন তিনি যেন দেশ থেকে অন্য কোথাও যেতে না পারেন, সেজন্যই এই নিষেধাজ্ঞা আনা হয়েছে। প্রধানমন্ত্রী হেনরির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠনের আবেদন জানিয়েছেন দেশটির একজন প্রসিকিউটর। প্রেসিডেন্ট ময়িজ হত্যাকাণ্ডের প্রধান সন্দেহভাজন জোসেফ ফেলিক্স বাদিওর সঙ্গে হেনরির সম্পৃক্ততার বিষয়ে তার কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে। প্রসিকিউটর জানিয়েছেন, প্রেসিডেন্ট ময়িজ হত্যাকাণ্ডের কয়েক ঘণ্টা পর জোসেফের সঙ্গে বেশ কয়েকবার ফোনে কথা বলেছেন প্রধানমন্ত্রী হেনরি। ফলে এই হত্যাকাণ্ডে তার সম্পৃক্ততা ছিল বলে অভিযোগ উঠেছে। ৫৩ বছর বয়সি জোভেনেল ময়িজ ২০১৭ সালে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন। গত ৭ জুলাই আততায়ীরা প্রেসিডেন্টের বাসভবনে ঢুকে তাকে গুলি করে হত্যা করে। দুর্বৃত্তদের গুলিতে আহত হন তার স্ত্রী মার্টিন ময়িজও। এই হত্যা মিশনে অংশ নেয় ২৮ জন বিদেশি ঘাতক।